হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন
নেত্রকোনায় হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার খলাপাড়া গ্রামের জিয়াউর রহমান হত্যার ঘটনায় হওয়া মামলায় গত সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবদুল হামিদ এ রায় ঘোষণা করেন। আদালত একই মামলার অন্য ধারায় (৩২৫) প্রত্যেককে আরও সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া সাতজন হলেন খলাপাড়া গ্রামের হাবিবুর রহমান, আবদুল আওয়াল, হারুন মিয়া, আবুল কালাম, আবদুল মান্নাফ, মো. হবি মিয়া ও মজিবুর রহমান।২০০৪ সালের ২৬ জুলাই রাতে মাছ ধরার জাল পাতা নিয়ে আসামিরা খলাপাড়া গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে তাঁর বড় ভাই নুরুল হককে মারধর করতে থাকেন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা জিয়াউর, তাঁর বাবা বাহাজ উদ্দিন, মা সোনাজান ও চাচা আবদুস সাত্তারের ওপর হামলা চালান। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুলাই তিনি মারা যান।