হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটগাড়ী গ্রামের আবদুল লতিফের (৩০) মৃত্যুদণ্ড এবং অপর তিনজনের তিন বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।এ ছাড়া তিনজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা গতকাল রোববার এ রায় দেন।আবদুল লতিফ তাড়াশ উপজেলার বটগাড়ী গ্রামের মহির সরকারের ছেলে। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন আবদুল লতিফের ভাই হবিবর রহমান (২৮) ও তাঁর স্ত্রী শাপলা খাতুন (২২) এবং মামা একই গ্রামের খবির উদ্দিন (৫৫)। আদালত সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ নভেম্বর আসামি আবদুল লতিফ যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী মাহমুদা খাতুনকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় মাহমুদার বাবা মোহসিন আলী তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে উল্লিখিত চারজনের নামে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।