হত্যার দায়ে ২ জনকে মৃত্যুদণ্ড, ২ জনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাককর্মীকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার কালাম ও ইকবাল হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার আবদুল লতিফ ও মোখলেছ। আসামিদের মধ্যে কালাম ছাড়া অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে রুপালী খাতুন গাজীপুরের শ্রীপুরে তৈরি পোশাকের একটি কারখানায় কাজ করতেন। ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা রুপালীকে শ্রীপুরের গিলাশ্বর এলাকায় একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে রুপালীকে জিম্মি করে তাঁর বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে না পেয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে ঘটনার পরদিন সকালে শ্রীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই আবদুল মালেক খান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে দুজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি হারিছ উদ্দিন আহমেদ। আর আসামিপক্ষে ছিলেন মো. আবুল হাসেম।