রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় শিশু ইশরাত জাহান হত্যার ঘটনায় জাকির আহম্মেদ (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। র্যাব বলেছে, জিজ্ঞাসাবাদে জাকির শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বর্ণনা দিয়েছেন।র্যাব-১-এর একটি দল গত বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে জাকিরকে গ্রেপ্তার করে। তিনি ইশরাতদের প্রতিবেশী ও টঙ্গী কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। র্যাবের কর্মকর্তারা বলেন, ঘটনাটিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে হত্যা হিসেবে সাজানোর জন্য জাকির শিশুটির স্বজনদের কাছে ফোন করেন। জাকিরের বাড়ি কেন্দুয়ার চংনোয়াগাঁও গ্রামে।৩ নভেম্বর দুপুরে খিলক্ষেতের নামাপাড়া বোটঘাট এলাকায় বাসার কাছ থেকে নিখোঁজ হয় আল-মানারাত মডেল হাইস্কুলের শিশু শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান (৬)। এর চার দিন পর তার বস্তাবন্দী ভাসমান লাশ তাদের বাসাসংলগ্ন একটি ডোবায় পাওয়া যায়। তার বাবা ইউসুফ আলী বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসচালক।জাকিরকে গতকাল শুক্রবার র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সেখানে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন।জাকিরকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্বদানকারী র্যাবের কর্মকর্তা মেজর রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নামাপাড়ার বোটঘাট এলাকায় একই বাসায় থাকে ইশরাতের বাবা-মা এবং নানির পরিবার। পাশের বাসায় থাকতেন জাকির। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জাকির বলেছেন, ৩ নভেম্বর দুপুরে শিশুটি বাসার পাশে খেলছিল। সে সময় ছবি আঁকার কথা বলে তিনি তাকে ডেকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে ফ্যান চালান। পরে শিশুটির মুখ চেপে তাকে ধর্ষণ করেন। ফ্যানের শব্দে শিশুটির গোঙানি চাপা পড়ে। এরপর তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন ও দুই চোখ উপড়ে ফেলেন। তার শরীরে গরম পানিও ঢালা হয়। এ কারণে শিশুটির শরীরে ফোসকা ছিল। জাকির ওই দিন রাতে লাশ বস্তায় ভরেন এবং সুযোগ বুঝে ডোবায় ফেলে দেন।র্যাবের কর্মকর্তারা জানান, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে জাকির শিশুটির মামার কাছে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।