ব্যবসায়িক লেনদেনের কারণে পরিকল্পনা করেই হত্যা করা হয় বণিক বার্তার সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে। আর এ মামলার প্রধান আসামি ফয়সাল ওরফে প্যাডি পেশাদার খুনি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মেহেরপুর জেলায় কয়েকটি হত্যা মামলা রয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল ও তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য তিন আসামি রায়হান সারোয়ার, নাজমুল হাসান ও ফাহিম হাসান খান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফাহিম খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজমুল একই জেলার সাংগঠনিক সম্পাদক। বাবা-মায়ের চাকরির কারণে খাগড়াছড়ি জেলায় শৈশব কেটেছিল ফয়সালের। নিহত জাহাঙ্গীর নিজেও একসময় ছাত্রলীগ করতেন।
গত শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার পাঁচতলার একটি মেসে স্যুটকেসের ভেতরে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়। এ ঘটনায় জাহাঙ্গীরের দূর সম্পর্কের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। জাহাঙ্গীর ও ফয়সালের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।
জাহাঙ্গীরের স্ত্রী রোকসানা পারভীন এ ঘটনায় ফয়সাল, রায়হান, নাজমুল ও ফাহিমকে আসামি করে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন। মামলায় ব্যবসায়িক লেনদেনের কারণে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে মুখ্য মহানগর আদালতে (সিএমএম) গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফয়সাল। আর রায়হান, নাজমুল ও ফাহিমকে চার দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়।
জাহাঙ্গীরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মীয়তা আর রাজনীতির সম্পর্কের সূত্র ধরে দীর্ঘদিন ধরে ওঠাবসা জাহাঙ্গীর ও ফয়সালের। ফয়সালের মাধ্যমে রায়হান, নাজমুল ও ফাহিমের সঙ্গে পরিচয় হয় জাহাঙ্গীরের। এরই সূত্র ধরে খিলক্ষেতের মেসে আসতেন জাহাঙ্গীর। এই চারজন একসঙ্গে প্রায়ই রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিক্রি হওয়া পোশাকের তিন লাখ টাকা পাওনা আদায়ের জন্য ফয়সালকে তাগাদা দিয়ে আসছিলেন জাহাঙ্গীর। ফয়সালের সঙ্গে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এই টাকা আদায়ের জন্য ১৫ সেপ্টেম্বর দুপুরে ফয়সালের সঙ্গে দেখা করতে খিলক্ষেতের মেসে যান। এরপরই তাঁকে হত্যা করা হয়।
জাহাঙ্গীরের শ্যালক আশরাফুল ইসলাম বলেন, ‘মেহেরপুরে আমাদের বাড়ি থেকে ফয়সালের বাড়ির দূরত্ব দুই কিলোমিটার। বছর খানেক আগে ফয়সাল স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা জাহাঙ্গীরের পরিবারকে জানায়। পরিবারের অনুরোধে ওকে ব্যবসায় যুক্ত করে জাহাঙ্গীর।’
নাজমুল ও ফাহিমের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা। খাগড়াছড়ির প্রথম আলোর প্রতিনিধিকে তিনি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। অভিযোগের সত্যতা মিললে এঁদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এদিকে গতকাল সকালে মেহেরপুরের গ্রামের বাড়িতে জাহাঙ্গীরের লাশ দাফন করা হয়।
মেহেরপুর প্রতিনিধি জানান, চার হত্যা মামলার আসামি ফয়সাল গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের মাহতাব আলীর ছেলে। তিনি মেহেরপুরে প্যাডি নামে পরিচিত। এলাকার ত্রাস হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ফয়সালের বাবা মাহাতাব একসময় বান্দরবানে আনসারে চাকরি করতেন। মা মরিয়মও সরকারি চাকরি করেন।