রাজধানীর বাসাবোতে নূরু মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তাঁর দ্বিতীয় স্ত্রী মোছাম্মৎ আলেয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার অন্য চারজন হলেন আলেয়ার প্রথম পক্ষের মেয়ে আমেনা, আমেনার স্বামী খোকন এবং তাঁদের পরিচিত সজল ও তুইচ্ছা। এ ঘটনায় ওই পাঁচজনসহ ছয়জনের বিরুদ্ধে সবুজবাগ থানায় হত্যা মামলা করেন নূরু মিয়ার প্রথম পক্ষের ছেলে মো. মনির। পুলিশ ওই পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়। পুলিশ তুইচ্ছা ছাড়া বাকি চারজনের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তুইচ্ছাকে কারাগারে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাসাবোর কাজী ওহাব কলোনির এক বাসার শোবার ঘর থেকে নূরুর লাশ উদ্ধার করা হয়। লাশটি খাটে হাঁটু গাড়া ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ছিল। ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় ওই পাঁচজনকে আটক করা হয়। তিনি বলেন, সাধারণত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে গলার দিকে চন্দ্রাকৃতির দাগ পড়ে। কিন্তু নূরুর ক্ষেত্রে তা হয়েছে ঘাড়ের দিকে। এ ছাড়া আত্মহত্যা হলে হাঁটু গাড়া অবস্থায় থাকার কথা নয়। শরীরের কিছু জায়গায় রক্তও দেখা গেছে।
নূরুর প্রথম পক্ষের ছেলে কাওছার জানান, তাঁরা মালিবাগে থাকতেন। তাঁর বাবা তিন বছর আগে মাদক ব্যবসায়ী আলেয়াকে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে।
এসআই বেলাল বলেন, আলেয়া স্থানীয় এক নারী জাহানারার সঙ্গে ইয়াবার ব্যবসা করেন। অভিযোগ রয়েছে, জাহানারার যোগসাজশে নূরুকে হত্যা করা হয়েছে। মামলার অপর আসামি জাহানারা পলাতক।
বালুতে চাপা দেওয়া লাশ উদ্ধার: পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে বাড্ডা থানার আফতাবনগর প্রজেক্টের এম ব্লকের একটি মাঠে বালুচাপা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। রাখালেরা ওই মাঠে গরু চরাতে গিয়ে বালু থেকে বের হওয়া পা দেখে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশে খবর দেয়।
বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, গলায় চাদর পেঁচানো লাশের হাত ছিল পেছন থেকে বাঁধা। পরনে ছিল নীল ও হলুদ চেক লুঙ্গি, কালো শার্ট ও খাকি জ্যাকেট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর বালুচাপা দিয়ে রেখেছিল।