হত্যার পর আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় নূরু মিয়া (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের সন্দেহ, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পরে আত্মহত্যা হিসেবে ঘটনাটি সাজানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নূরু মিয়ার দ্বিতীয় স্ত্রী আলেয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন নূরু মিয়ার দ্বিতীয় স্ত্রী আলেয়া, তাঁর মেয়ে আমেনা, আমেনার স্বামী খোকন এবং তাঁদের পরিচিত সজল ও তুইচ্ছা। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত তুইচ্ছা ছাড়া অন্য চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সবুজবাগের বাসাবো এলাকার কাজী ওহাব কলোনির এক বাসার শোবার ঘর থেকে নূরুর লাশ উদ্ধার করা হয়। নিহত নূরু মিয়ার গলার সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। এর এক প্রান্ত ছিল সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা। তবে হাঁটুগাড়া অবস্থায় লাশটি খাটের ওপর পড়ে ছিল।

এসআই আরও বলেছেন, সাধারণত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে গলার দিকে চন্দ্রাকৃতির দাগ পড়ে। কিন্তু নূরুর ক্ষেত্রে তা হয়েছে ঘাড়ের দিকে। এ ছাড়া আত্মহত্যা হলে হাঁটুগাড়া অবস্থায় থাকার কথা নয়। শরীরের কিছু জায়গায় রক্তও দেখা গেছে।

নিহত নূরুর প্রথম পক্ষের ছেলে কাওছার অভিযোগ করে বলেন, তাঁরা মালিবাগ এলাকায় থাকতেন। তিন বছর আগে তাঁর বাবা আলেয়াকে বিয়ে করেন বাবা নূরু। আলেয়া বাসাবোর ওই বাসায় থাকতেন। তিনি মাদক ব্যবসায়ী। পারিবারিক কলহের জের ধরে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে এসআই বেলাল বলেছেন, আলেয়া স্থানীয় জাহানারা নামের এক নারীর সঙ্গে ইয়াবার ব্যবসা করেন। জাহানারার যোগসাজশে নূরুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। জাহানারাও মামলার আসামি। তিনি পলাতক।

নিহত নূরুর প্রথম পক্ষের আরেক ছেলে মো. মনির গ্রেপ্তার পাঁচজনসহ ছয়জনের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। নূরুর প্রথম পক্ষের স্ত্রীর নাম নাজমা বেগম।