হত্যার পর ইয়াবা সেবন করে লাশ ফেলে যায় রাস্তায়
তৈরি পোশাক কারখানার কর্মী শিপন আক্তারকে (৩৪) গলা টিপে হত্যা করা হয়। এরপর তাঁর মোবাইলটি বিক্রি করে দেন জব্বার। সেই টাকায় জব্বার কেনেন ইয়াবা। বন্ধুর সঙ্গে ইয়াবা সেবন করে দুজনে মিলে শিপনের লাশ কার্টনের মধ্যে ঢোকান। এরপর লাশ ফেলে দেন রাস্তায়।
আজ বুধবার ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশের ডিবির গুলশান বিভাগ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও অপরাধসংশ্লিষ্ট এলাকার সিসি টিভির ফুটেজ পর্যালোচনার মাধ্যমে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, নিহত শিপন আক্তারের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলায়। শিপনের সঙ্গে জব্বারের আগে পরিচয় ছিল। ৮ অক্টোবর শিপনকে তাঁর ছোলমাইদ ঢালীবাড়ীর বাসায় নিয়ে আসেন জব্বার। এর আগে স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। জব্বার ও শিপন একসঙ্গে সময় কাটান। একপর্যায়ে জব্বার শিপনকে প্রতিশ্রুত টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় শিপন তাঁর সঙ্গে সময় কাটানোর কথা জানিয়ে দেওয়ার হুমকি দেন। এতে জব্বার ক্ষুব্ধ হয়ে রাত ১০টার দিকে শিপনকে গলা টিপে হত্যা করেন। এরপর ইয়াবা আসক্ত জব্বার শিপনের মোবাইলটি নিয়ে ১০০০ টাকায় বিক্রি করে দেন। সেই টাকা দিয়ে তিনটি ইয়াবা কিনে জব্বার বন্ধু হীরার বাসায় চলে যান। সেখানে দুজনে মিলে ইয়াবা খান। এরপর জব্বার বন্ধুকে নিয়ে নিজের বাসায় ফিরে আসেন। তাঁরা লাশটিকে প্রথমে একটি কার্টনের মধ্যে ঢোকান। পরে ভাঙারির দোকান থেকে আনা বড় বস্তায় ভরা হয় সেই কার্টন। রাত তিনটার দিকে হীরা মাথায় করে লাশটি তিনতলা থেকে নামান এবং পরে রিকশায় করে লাশটি রাস্তায় ফেলে যাওয়া হয়।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, জব্বার ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবদুল জব্বারকে (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা গুলশান বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ টিম জব্বারের স্বীকারোক্তি মতে চুরি হওয়া মোবাইল, শিপনের ফেলে দেওয়া বোরকা, স্যান্ডেলসহ হত্যাকাণ্ডের অন্যান্য আলামত উদ্ধার করেছে।