হত্যার পর যুবলীগ নেতার মাথাও নিয়ে গেল ডাকাতেরা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের সদস্য মো. মেহেদী হাসান ইলিয়াসকে (৩২) জবাই করে হত্যা করেছে ডাকাতেরা। পরে তারা মেহেদীর মাথাটিও কেটে নিয়ে যায়।গত মঙ্গলবার দিবাগত রাত একটার পর গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মেহেদীর মা জমিলা খাতুন (৫০) ও স্ত্রী নার্গিস আক্তার (২২) এবং পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন।নিহত মেহেদীর পরিবার, গ্রামবাসী ও পুলিশের ভাষ্যমতে, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদের সাবেক ব্যক্তিগত সচিব মেহেদী এলাকায় বাড়ির পাশে মাছের চাষ করতেন। ডাকাতি প্রতিরোধে দীর্ঘদিন ধরে তিনি গ্রামবাসীকে নিয়ে সোচ্চার ও সচেষ্ট ছিলেন। এ নিয়ে একাধিক ডাকাতি মামলার আসামি হাত কাটা কামরুলের রোষানলে পড়েন তিনি।গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৫০-৬০ জনের একদল ডাকাত বেলদিয়া গ্রামে মেহেদীর বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে। পরে তারা বারান্দা ও ঘরের দরজা ভেঙে ফেলে। এ সময় মেহেদী ঘরসংলগ্ন বাথরুমে আশ্রয় নেন। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতেরা এ সময় ১০-১২টি গুলি ছোড়ে ও তাদের ধাওয়া করে। একই সময় ডাকাতদের একটি দল ঢেঁকি দিয়ে বাথরুমের পাকা ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মেহেদীকে জখম করে। পরে তারা মেহেদীর গলা থেকে মাথা কেটে নেয়। এ সময় তারা নিয়ে যায় নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল।নিহত মেহেদীর মা জমিলা খাতুন বলেন, ‘ডাকাতদের পায়ে ধরে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছি। তবু ওরা আমার ছেলেটাকে মেরে ফেলল।’ চোখের সামনে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মেহেদীর স্ত্রী নার্গিস আক্তার। হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘পূর্বশত্রুতা ও ডাকাতির ঘটনায় এ নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের খণ্ডিত মাথাটি উদ্ধারে চেষ্টা চলছে।’