হত্যার পর রেললাইনে লাশ ফেলে রাখার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক গৃহবধূকে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নির্মম এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার মৌকরা ইউপির গোমকোট ধনাইশ গ্রামে।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী মাসুদ রানাকে এলাকাবাসী গতকাল রোববার আটক করে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।পুুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া দৈয়ারা গ্রামের কুয়েত-প্রবাসী ফজলুর রহমানের মেয়ে তাছলিমা আক্তারের (২০) সঙ্গে পাঁচ মাস আগে উপজেলার মৌকরা ইউপির গোমকোট ধনাইশ গ্রামের হারেছ মিয়ার ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের সময় ওই মেয়ের স্বামীকে এক লাখ টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৬০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪০ হাজার টাকা পরবর্তী সময়ে পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু ওই টাকা দিতে না পারায় গৃহবধূ তাসলিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, তাসলিমার স্বামী মাসুদ রানা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল। স্ত্রী তাসলিমা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। পরকীয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় এবং যৌতুকের টাকা না দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করে। পরে তারা ওই লাশ পার্শ্ববর্তী গোমকোট নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর ফেলে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল খান বলেন, যেহেতু লাশটি রেললাইনের ওপর পাওয়া গেছে, সেহেতু এটি রেলওয়ে থানার আওতাধীন। তাই আটক করা ব্যক্তিকেও রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল (আজ) সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তিনি নিহত ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।