হত্যার পেছনে জমি নিয়ে বিরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল হক হত্যাকাণ্ড
রিয়াজুল হক হত্যাকাণ্ড

মতিঝিলে সেনাকল্যাণ ভবনের পাশে ২২ কাঠা জমি নিয়ে বিরোধ যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যার অন্যতম কারণ বলে এখন মনে করছে তাঁর পরিবার। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহকাম উল্লাহর সঙ্গে ছিল এ বিরোধ।সম্প্রতি র‌্যাব-১-এর কাছে এ বিরোধের বিষয়ে তথ্য দিয়েছেন রিয়াজুলের বড় ভাই কায়ছার মিল্কিসহ দুজন। আহকাম উল্লাহ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদেরও সাধারণ সম্পাদক।র‌্যাব-১-এর অধিনায়ক কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে (আহকাম উল্লাহ) জিজ্ঞাসাবাদ করেছি। প্রয়োজনে আবারও করব।’ অভিযোগের সত্যতা পেয়েছেন কি না—প্রশ্ন করলে তিনি বলেন, তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।গত ২৯ জুলাই মধ্যরাতে গুলশান-১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে। রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ৩১ জুলাই রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেক। নিহত রিয়াজুলের ভাই মেজর রাশেদুল হক খান মিল্কি বাদী হয়ে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ও যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম আরিফের নির্দেশে যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চলসহ কয়েকজন সহযোগী রিয়াজুলকে হত্যা করে।

 রিয়াজুলের ভাই কায়সার জাহান খান মিল্কি প্রথম আলোকে বলেন, দলীয় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে জাহিদুলসহ দলের কয়েকজন নেতার সঙ্গে রিয়াজুলের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ দ্বন্দ্ব দীর্ঘদিনের। কিন্তু হত্যার কিছুদিন আগে মতিঝিলের একটি জমি নিয়ে রিয়াজুলের সঙ্গে আহকাম উল্লাহর বিরোধ হয়।

র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে কায়সার অভিযোগ করেছেন, জাহিদুল, আরিফুল ও আহকাম উল্লাহরা অর্থের প্রলোভন দেখিয়ে কিলার তারেকের মাধ্যমে রিয়াজুলকে হত্যা করেন।

কায়সার প্রথম আলোকে বলেন, মতিঝিলের ওই জমি প্রয়াত শ্রীলক্ষ্মী নারায়ণ জিউ ঠাকুর নামের এক হিন্দু ব্যক্তির। জমিটির অধিকাংশ আহকাম উল্লাহ দখল করে নেন। রিয়াজুল ও জনৈক স্বপন মিয়ার নামে করা একটি আমমোক্তারনামার বলে ওই জায়গায় থাকা আহকাম উল্লাহর সাইনবোর্ডটি নামিয়ে রিয়াজুলের পক্ষে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হন আহকাম উল্লাহ।

স্বপন মিয়া প্রথম আলোকে বলেন, জমির বর্তমান মালিকদের কাছ থেকে বেশ কয়েক বছর আগে পাঁচ বছরের জন্য জায়গাটি লিজ নিয়েছিলেন আহকাম উল্লাহর ঘনিষ্ঠজন এনামুল হক। আর এনামুলের কাছ থেকে ভাড়া নিয়ে গাড়ির গ্যারেজ করেছেন স্বপন। স্বপন অভিযোগ করেন, গত ৩১ জানুয়ারি এনামুল, আহকাম উল্লাহসহ অস্ত্রধারী কয়েকজন তাঁর গ্যারেজে হামলা চালিয়ে তাঁকে মারধর করে বের করে দেয়। এরপর সেখানে আহকাম উল্লাহর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে মতিঝিল থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ মামলা নেয়নি। কিছুদিন পর এই তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন স্বপন।

এদিকে এনামুলসহ কয়েকজনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে আদালতে মামলা করে জমির মালিকপক্ষ।

স্বপন প্রথম আলোকে বলেন, গ্যারেজ দখল হওয়ার পর তিনি রিয়াজুলের কাছে সাহায্য চান। এরপর জমির মালিকের পক্ষ থেকে তাঁরা আমমোক্তারনামা নেন। এবং আহকাম উল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড নামিয়ে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। বিনিময়ে রিয়াজুলকে ওই জমি থেকে তিন কাঠা দেওয়ার কথাও ছিল বলেও জানান স্বপন।

সূত্র জানায়, সাইনবোর্ড নামানোর পর রিয়াজুলের মুঠোফোনে বেশ কয়েকটি খুদে বার্তা পাঠান আহকাম উল্লাহ ও তাঁর ঘনিষ্ঠজন মাসুম। শীর্ষ সন্ত্রাসী মানিকও রিয়াজুলকে ফোন করেন। তখন রিয়াজুল আবার আহকাম উল্লাহর সাইনবোর্ড উঠিয়ে দিতে বাধ্য হন। কয়েক দিন পর কমলাপুরের কবি জসীমউদ্দীন রোডে আহকাম উল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে রিয়াজুলের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা বৈঠক হয়।

রিয়াজুলের এক বন্ধু প্রথম আলোকে বলেন, ওই বৈঠকে মাসুম, তারেকের (ক্রসফায়ারে নিহত) ঘনিষ্ঠ সহযোগী টমেট বাবু, এনামুল, শাকিলসহ কয়েকজন ছিলেন। ঘণ্টা খানেক বৈঠক চলে। বৈঠক থেকে বের হয়ে আসার পর রিয়াজুলকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। জিজ্ঞেস করা হলে রিয়াজুল বলেছিলেন, ‘শত্রু মনে হয় বাড়াইয়া ফেললাম।’ ঈদের পর আবারও বৈঠক হবে বলে জানান রিয়াজুল।

রিয়াজুলের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বৈঠকের পর তড়িঘড়ি করে অস্ত্রের লাইসেন্স করেছিলেন রিয়াজুল। আহকাম উল্লাহ ও মাসুমের খুদে বার্তাসংবলিত রিয়াজুলের মুঠোফোনের দুটি সিম র‌্যাবের কাছে জমা দেওয়া হয়েছে।

জানতে চাইলে আহকাম উল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, কিছু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিয়াজুল হত্যা মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। এঁরা রিয়াজুলের পরিবারকে ভুল বোঝাচ্ছেন। ওই জমি নিয়ে রিয়াজুলের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। রিয়াজুল ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু।

আহকাম উল্লাহ দাবি করেন, মতিঝিলের ওই জমির মালিক তাঁর পরিচিত এনামুলসহ সাতজন। তাঁর (আহকাম উল্লাহ) আবাসন ব্যবসা আছে। তিনি এনামুলের কাছ থেকে ওই জমির চার কাঠা আমমোক্তারনামা করে নিয়েছিলেন।

রিয়াজুলের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে আহকাম উল্লাহ বলেন, তাঁর দেওয়া সাইনবোর্ড নামানোর পর ভুল বুঝতে পেরে রিয়াজুল সাইনবোর্ডটি উঠিয়ে দিয়েছিলেন। পরে এ নিয়ে বৈঠক হয়। কিছু কাগজপত্র না থাকায় পরে আবার বৈঠকের সিদ্ধান্ত হয়।

শীর্ষ সন্ত্রাসী মানিককে দিয়ে রিয়াজুলকে ফোন করানোর অভিযোগ অস্বীকার করে আহকাম উল্লাহ বলেন, যে ব্যক্তি রিয়াজুল ও স্বপনকে আমমোক্তারনামা দিয়েছেন বলে বলা হচ্ছে, সেই সুজিত কুমার বসু চার বছর আগেই মারা গেছেন। আমমোক্তারনামাটিও জাল বলে তাঁর ধারণা। তিনি বলেন, স্বপনই আমমোক্তারনামা জাল করে রিয়াজুলকে ভুল বুঝিয়েছেন। বিষয়গুলো রিয়াজুলকে বলার পর তিনি তা বুঝেও ছিলেন। পরবর্তী বৈঠকের দিনক্ষণ ঠিক করতে খুদে বার্তা পাঠানো হয়েছিল বলে দাবি করেন আহকাম।

আর এনামুল প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে স্বপনের করা অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এ জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না।

সুজিত কুমার বসু তো মারা গেছেন—তিনি কীভাবে আপনাদের আমমোক্তারনামা দিলেন—জানতে চাইলে স্বপন বলেন, এ আমমোক্তারনামার সব ব্যবস্থা করে দিয়েছেন ফালান নামের তাঁর এক বন্ধু। তাঁর কাছে যেটা আছে, সেটা অনুলিপি। আসল কপি পেলে বোঝা যাবে।

ফালানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কাছ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি। একইভাবে অনেক চেষ্টা করে জিউ ঠাকুরের পক্ষের কাউকে পাওয়া যায়নি।

বিষয়টি জানানোর পর রিয়াজুলের ভাই কায়সার বলেন, ‘জমির মালিকানা কার ও আমমোক্তারনামা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ধরে নিলাম, রিয়াজুল ওই জমি দখল করতে চেয়েছেন। তাতেও তো বোঝা যায়, রিয়াজুলের সঙ্গে আহকাম উল্লাহর বিরোধ চলছিল। এখন সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বের হয়ে আসবে।’