খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কক্সবাজারের উখিয়া উপজেলার কৃষি কর্মকর্তা সুমন শীল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিন (বিভাগ)। গতকাল বুধবার ক্যাম্পাসের হাদী চত্বরে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) অধ্যাপক শামীম আহমেদ কামাল উদ্দিন খান। বক্তব্য দেন অধ্যাপক মো. সারওয়ার জাহান, প্রভাষক মো. মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা রুবায়েত আরা, বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলাম, জাহান আল মাহমুদ প্রমুখ। তাঁরা সুমন শীলের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের জিরো সেভেন ব্যাচের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সুমন শীল। গত ২৯ আগস্ট দুপুরে ঢাকায় ফুফাতো ভাইয়ের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের অভিযোগ।