
বিশ্বজিৎকে কীভাবে হত্যা করা হয়েছে, আদালতে সেই বর্ণনা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ সাক্ষ্য দেওয়ার সময় এ বর্ণনা দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তাজুল ইসলাম বিশ্বজিৎ দাস হত্যা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা। ছাত্রলীগের ২১ কর্মীকে আসামি করে তিনি আদালতে অভিযোগপত্র দেন।
সাক্ষ্যে তাজুল ইসলাম বলেন, তিনি এ মামলার তদন্তের দায়িত্ব পাওয়া পর মামলার কাগজপত্র এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনা করেন। তাতে দেখা যায়, আসামি রাজন তালুকদার মাথায় সাদা টুপি ও মুখে রুমাল বাঁধা ছিলেন। তাঁর হাতে রক্তমাখা ছুরি ছিল। আসামি রফিকুল ইসলাম ফুলহাতা শার্ট ও জিন্সের প্যান্ট পরা ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, আসামি রফিকুল ইসলাম বিশ্বজিৎকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করছেন। আসামি খন্দকার ইউনুস ও কাইয়ুম কাঠের রোল দিয়ে বিশ্বজিৎকে পেটান। একইভাবে অন্য আসামিরা কে কীভাবে বিশ্বজিৎকে মারধর করেন, তার বর্ণনা করেন তিনি।