হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)।
জনসংহতি সমিতির দাবি, ১০ আগস্ট মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ইন্দ্রমুনি কার্বারীপাড়া থেকে সেনা সদস্যরা চারজনকে আটক করেন। তাঁদের মধ্যে তিমির বরণ চাকমাকে বেদম মারধর করা হয়। পরবর্তী সময়ে তিনি হাসপাতালে মারা যান। বাকি তিনজনকে গুইমারা থানায় সোপর্দ করেন সেনা সদস্যরা। সোপর্দ করা ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জনসংহতি সমিতি এ অভিযোগ তোলে।
মানববন্ধনে অংশ নিয়েছেন নিহত তিমির বরণ চাকমার ফুপাতো ভাই পরিতোষ চাকমা। তিনি জানান, তিমির বরণ চাকমা চুক্তির আগে শান্তি বাহিনীর সদস্য ছিলেন। চুক্তির পর তিনি অস্ত্র সমর্পণ করে নিজ গ্রাম ভৈরফাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি চাষবাস করতেন, পাশাপাশি ভৈরফা গ্রামে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। তাঁর অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত কোনো রোগ ছিল না।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তিমির বরণ চাকমাকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে। এটি একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তাঁর বাবার নাম ও ঠিকানায় মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এ কারণে তড়িঘড়ি করে লাশ বেওয়ারিশ দেখিয়ে দাহ করা হয়েছে। বক্তারা তিমির বরণ চাকমার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, দায়ী সেনা সদস্যদের শাস্তির দাবি, আটক অন্য তিনজনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর সিং মারমা, জনসংহতি সমিতির সদর উপজেলা শাখার সভাপতি প্রত্যয় চাকমা, যুব সমিতি দীঘিনালা শাখার সভাপতি সমীর চাকমা ও জনসংহতি সমিতি জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা।
১০ আগস্ট মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকা থেকে চারজনকে আটক করে সেনাবাহিনী। তাঁদের মধ্যে তিনজনকে গুইমারা থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। অন্য ব্যক্তি তিমির বরণ চাকমাকে অসুস্থ অবস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান। হাসপাতাল থেকে জানানো হয়, তিমির বরণ চাকমা ওই সময় প্রচণ্ড শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। এরপর পুলিশ লাশ জেলা সদর হাসপাতালে এনে ময়নাতদন্ত করে এবং লাশের কোনো দাবিদার না থাকায় বেওয়ারিশ হিসেবে পরে দাহ করা হয়।