হত্যার বিচার চেয়ে অটোরিকশার শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার জয়নাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সরাইলে মানববন্ধন করেন অটোরিকশার শ্রমিক ও স্থানীয় লোকজন।
শনিবার জয়নাল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সরাইলে মানববন্ধন করেন অটোরিকশার শ্রমিক ও স্থানীয় লোকজন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশাচালক জয়নাল মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন ও অটোরিকশাশ্রমিকেরা। আজ শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা বাসস্ট্যান্ড থেকে বগইর বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে অটোরিকশার শতাধিক শ্রমিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় কয়েক শ লোক। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে জয়নাল মিয়া হত্যার বিচারের দাবি করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ফেলেন। এতে সড়কের দুদিকে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। বেলা একটার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

জয়নাল মিয়ার বড় ভাই ও হত্যা মামলার বাদী ফারুক মিয়া বলেন, ‘এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি, অটোরিকশাটিও উদ্ধার হয়নি। আসামিপক্ষের লোকজন আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি করছি।’

পানিশ্বর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হৃদয় মিয়া বলেন, ‘অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

গত ১২ জুন বিকেলে জয়নাল মিয়া সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন। ১৫ জুন পুলিশ উপজেলার বেড়তলা এলাকায় খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন আসামিদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।