হত্যার শিকার প্রার্থী পেলেন ১৯২ ভোট
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আক্তার হোসেনকে গত মঙ্গলবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গতকাল শনিবার ভোট গ্রহণ ও গণনা শেষে দেখা যায়, আক্তারের ব্যালটে ১৯২টি ভোট পড়েছে।
ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নিহত আক্তার হোসেনের ওই কেন্দ্রে তিনিসহ চারজন সদস্য পদে প্রার্থী। নির্বাচনে তিনি ওই ওয়ার্ডের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন। এলাকায় ভোটারদের মনও জয় করে নিয়েছিলেন তিনি। ব্যালটে তাঁর নাম ও মোরগ প্রতীক ছিল। নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোমেন আকন।
নিহত আক্তার হোসেনের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তাঁর স্বামী নির্বাচনী প্রচারণা শেষে একটি জানাজায় অংশ নেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে ধানখেতে কুপিয়ে হত্যা করে। মৃত্যুর পরও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে এলাকাবাসী ভোট দিয়েছেন।