হত্যার সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন সিআইডির

কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার সম্ভাব্য দুটি স্থান গতকাল বুধবার পরিদর্শন করেছে সিআইডি। আগের দিন সিআইডির জিজ্ঞাসাবাদে তনুর মা এ দুটি স্থানের কথা বলেছিলেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়। ‘তদন্তের স্বার্থে’ স্থান দুটির নাম বলতে রাজি হননি সিআইডির কর্মকর্তারা।
সিআইডি সূত্র জানায়, তনু হত্যা মামলার তদন্ত-সহায়ক দলের প্রধান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ, সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম গতকাল বেলা ১১টায় ময়নামতি সেনানিবাসে যান। তাঁরা সেনানিবাসের দুটি স্থান পরিদর্শন করেন এবং তনুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন, কুমিল্লা সেনানিবাসের যে স্থানে তনুর লাশ ফেলা হয়, এর আশপাশের বিভিন্ন রাস্তা তাঁরা ঘুরে দেখেছেন। তনুকে হত্যার সম্ভাব্য জায়গা কোথায় হতে পারে, সেগুলোও দেখা হচ্ছে। এ ছাড়া ময়নামতি সেনানিবাসে ১৮, ২০ ও ২১ মার্চ তিনটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর মধ্যে ২০ মার্চের অনুষ্ঠানে কারা গান করেছেন, তাঁদের নাম খতিয়ে দেখা হচ্ছে।
আগের দিন মঙ্গলবার তনুর মা সাংবাদিকদের বলেছিলেন, সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদ তনু হত্যায় জড়িত থাকতে পারেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে এই হত্যার রহস্য উন্মোচিত হবে। এই দুই সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, জানতে চাইলে নাজমুল করিম খান বলেন, ‘ওই দুজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সার্জেন্ট জাহিদকে এখনো ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে।’
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তনুর মা আনোয়ারা বেগম তাঁর মেয়েকে হত্যা ও নির্যাতন করার সম্ভাব্য দুটি স্থানের কথা মঙ্গলবার সিআইডিকে বলেছেন। সেনানিবাসের যেসব ব্যক্তি তাঁদের বাসায় যেতেন, তাঁদের নামও বলেছেন। তখন সিআইডি একজন সার্জেন্টের ছবি দেখালে তনুর বাবা ইয়ার হোসেন তাঁকে চেনেন বলে জানান।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তনুর মা মঙ্গলবার সাংবাদিকদের যেসব কথা বলেছেন, একই কথা সিআইডির তদন্তকারী দলকেও বলেছেন। তিনি বলেন, ‘বুকের ভেতর কয়দিন চাপা দিয়ে রাখব কথা। খারাপ তিন-চারটা লোকের কারণে অনেকগুলো লোকের কেন বদনাম হবে?’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ প্রথম আলোকে বলেন, তনু হত্যার ৫০ দিন অতিবাহিত হলেও এখনো দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। হত্যা সম্পর্কে তনুর মা সর্বশেষ যে অভিযোগের কথা বলেছেন, তা প্রমাণসাপেক্ষ। ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে পুলিশকে নিরপেক্ষভাবে সুনির্দিষ্ট পন্থায় তদন্ত করে এই অভিযোগ প্রমাণ করতে হবে। তিনি বলেন, ‘আমরা প্রমাণ ছাড়া কাউকে দোষ দেব না। তবে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে চাই। শুধু তনু হত্যা নয়, আমরা সকল ধর্ষণ, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে। আমাদের সাম্প্রতিক নাটক শিকারিতে বিষয়টি তুলে ধরা হয়েছে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু গত ২০ মার্চ বিকেলে বাসা থেকে টিউশনি করার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর ফেরেননি। ওই দিন রাতে সেনানিবাসের ভেতরের একটি ঝোপে তাঁর লাশ খুঁজে পান বাবা ইয়ার হোসেন। এ ঘটনায় ইয়ার হোসেন পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।