হত্যার স্বীকারোক্তি আসামির
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাইক্রোবাসের চালককে গলা কেটে হত্যা মামলায় গত মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সেলিম হোসেন (২৭)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি গ্রামের বাসিন্দা। জবানবন্দি শেষে তাঁকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা কিরণ কুমার রায় বলেন, মাইক্রোবাসের চালক রহিম বাদশা হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সেলিম হোসেনকে মঙ্গলবার ডুগডুগি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চান। গতকাল বিকেলে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রহিম বাদশার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে তিনি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন।
গত রোববার দিবাগত রাতে পাঁচবিবির দুই সীমান্ত নামের স্থানে পাঁচবিবি-বারোকান্দি রাস্তায় মাইক্রোবাসের ভেতরে রহিম বাদশাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যাওয়া হয়। এ ঘটনায় গত সোমবার নিহত ব্যক্তির বাবা সাদা মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন।