হত্যার হুকুমের দায়ে খালেদা জিয়াকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হুকুম দিয়ে মানুষ খুন করছেন। তাঁকে হত্যার হুকুমের দায়ে অভিযুক্ত করা যুক্তিযুক্ত।
জাতীয় সংসদে গতকাল বুধবার সরকারি দলের সাংসদ এ বি তাজুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিয়ে মানুষ মারছেন, আগুন দিয়ে পোড়াচ্ছেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি যাচাই করে দেখছে এবং তারা ব্যবস্থা নেবে। আমার প্রশ্ন, কেন খালেদা জিয়া পেট্রল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যায় নেমেছেন।’
সম্পূরক প্রশ্নে তাজুল ইসলাম জানতে চান, গত কয়েক দিনে খালেদা জিয়ার হুকুমে রাজনৈতিক সহিংসতায় ৩০ জন মানুষ নিহত ও ছয় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। এ জন্য তাঁকে হুকুমের আসামি করা হবে কি না?
মোস্তাফিজুর রহমান চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ভীত হয়ে বিএনপি-জামায়াত দেশে নাশকতামূলক কাজ, অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পেট্রলবোমা নিক্ষেপ, গানপাউডার ছিটিয়ে মানুষ মারছে। এসব পৈশাচিক হত্যাকাণ্ড ১৯৭১ সালের পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতাকেও হার মানিয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? এ রকম কাজে যারা লিপ্ত, তারা কি মানুষ? আমরা পুলিশ, বিজিবি ও আনসার নিয়োগ করে এসব সন্ত্রাস ও নাশকতা দমনের চেষ্টা করেছি।’
শেখ হাসিনা জানান, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত পুলিশে ৩১ হাজার ৭৪৪টি নতুন পদ সৃজন করা হয়েছে। পুলিশের জনবল আরও ৫০ হাজার বাড়ানোর পরিকল্পনা আছে।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের যুগোপযোগী পদক্ষেপের ফলে খাদ্য ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। সে জন্য শ্রীলঙ্কায় ২৫ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হয়েছে। এ ছাড়া ভারত ২০ থেকে ৩০ হাজার মেট্রিক টন চাল কেনার আগ্রহ প্রকাশ করেছে। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে চাল রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে। তিনি জানান, ২০০৮ সালে খাদ্যের উৎপাদন ছিল ২ কোটি ৮৩ লাখ মেট্রিক টন। সেবার ৩৪ লাখ ৬৬ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য আমদানি করতে হয়েছিল। এ অর্থবছরে ৩ কোটি ৮৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। দেশের চাহিদা ২ কোটি ৯৫ লাখ মেট্রিক টন।