হত্যার হুমকি দিয়ে প্রচারপত্র বিতরণ
নওগাঁর রানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তিকে অপরাধী উল্লেখপূর্বক প্রকাশ্যে জবাই করে হত্যাসহ এসিড নিক্ষেপ ও শাস্তিযোগ্য বিচার করার হুমকি দেওয়া হয়েছে।‘বাজপাখির চোখ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা লিফলেটে এ হুমকি দেওয়া হয়।রানীনগরের করজগ্রাম, আবাদপুকুর, শিমবা গ্রামসহ কয়েকটি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে। করজগ্রাম বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ওই সংগঠনের পক্ষ থেকে বিপুল পরিমাণ লিফলেট ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে। লিফলেটে করজগ্রামের কয়েকজন মেয়েকে এসিডে পুড়িয়ে দেওয়া দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজনের হাত ও জিহ্বা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, লিফলেটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।