হত্যার ১৮ বছর পর রায়, একজনকে মৃত্যুদণ্ড
গাজীপুর সিটি করপোরেশনের চাঁনপাড়া এলাকায় ১৮ বছর আগে এক নারীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। খালাস দিয়েছেন তিনজনকে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত-১–এর বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গাজীপুর সিটি করপোরেশনের চাঁনপাড়া এলাকার আবুল কালাম ওরফে কালু মিয়া (৬৫)। আর খালাস পাওয়া তিনজন হলেন নাজিম উদ্দিন ও জালাল উদ্দিন ও ফজলুল হক। নিহত নারী একই এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে করিমন নেছা (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, কালু মিয়ার সঙ্গে করিমন নেছার পরকীয়ার জের ধরে করিমন নেছা ও তাঁর স্বামী চাঁন মিয়ার বিবাহবিচ্ছেদ হয়। এরপর করিমন বাবার বাড়িতে থাকছিলেন। ১৯৯৯ সালের ১২ জানুয়ারি করিমন মায়ের সঙ্গে রাগ করে বোনের বাড়িতে চলে যান। সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। ২৫ জানুয়ারি বাড়ির পাশে একটি পুকুরে কচুরিপানার নিচে করিমন নেছার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় করিমনের ভাই মফিজ উদ্দিন কালু মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালে ৩ জুন চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আতাউর রহমান খান এবং আসামিপক্ষে ছিলেন মো. হুমায়ুন কবির।