হত্যার ১৮ বছর পর রায়ে সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার ১৮ বছর পর ফেনীর আলোচিত বিমল হত্যা মামলার রায় দেওয়া হয়েছে আজ বুধবার। আদালত রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নোমান ওরফে আবদুল নোমান, সবুজ, মোশারফ হোসেন প্রকাশ জসিম, জাসম উদ্দিন ওরফে বলি, জহীর, খোরশেদ আলম ওরফে খুরশিদ ও আবদুল মোতালেব ওরফে সবুজ। মামলার আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এ ছাড়া একই আদালত অপর একটি ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ আসামি নোমান ওরফে আবদুল নোমান, সবুজ, জাসম উদ্দিন ওরফে বলি, জহীর ও আবদুল মোতালেব ওরফে সবুজ এবং আবদুর রহিম নামে অপর একজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।

রায়ে বলা হয়, আসামিদের হাজতবাস দণ্ডাদেশ থেকে বাদ যাবে। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক থাকায় গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকর হবে।

রায়ের খবরের সত্যতা নিশ্চিত করেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংসবণিক।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ফেনীর ফুলগাজীর শ্রীচন্দ্রপুর গ্রামের বিমল চন্দ্র রায়কে ইট দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ভাই পরিমল চন্দ্র বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে ফুলগাজী থানায় একটি মামলা করেন। মামলাটি পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি ১৯৯৯ সালের ৩ এপ্রিল ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালে মামলার ১ নম্বর আসামি নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। একই বছর রফিকুল ইসলাম মজুমদার নামের অপর একজন আসামির মৃত্যু হয়।