হত্যার ১৯ বছর পর মামলা প্রত্যাহারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত একটি হত্যা মামলা প্রত্যাহারের আবেদন করা হচ্ছে আদালতে। ১৯ বছরে বিচার না পেয়ে উল্টো মামলা প্রত্যাহারের খবর হতাশ করেছে বাদীপক্ষকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুপারিশ পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আগামী রোববার ধার্য দিনে মামলাটি প্রত্যাহারের আবেদন করবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান। এত দিন উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ থাকায় প্রত্যাহারের আবেদন করা হয়নি বলে জানান তিনি।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদলের কর্মী আজাদ আলী খানকে গুলি করে হত্যা করা হয়।
বাবরসহ ১০ জন এ মামলার আসামি। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে মামলাটি। অন্য আসামিরা হলেন সুনীল দে, মফিজুর রহমান দুলু, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান।
হেলাল আকবর মহাজোট সরকারের শেষ সময়ে বিদেশ থেকে দেশে ফিরেন। তাঁর নেতৃত্বে গত বছরের জুনে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনায় ফের গ্রেপ্তার হন তিনি। বর্তমানে জামিনে আছেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির এই সদস্য ঘটনার পর বহিষ্কৃত হন। তবে হেলাল আকবর দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে এ মামলায় ফাঁসানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান জানান, গত বছরের সেপ্টেম্বরে মামলাটি প্রত্যাহারের সুপারিশ এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। গত মঙ্গলবার মামলাটির কার্যক্রম শুরু হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বলা হয়, ‘রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের অনুমতিক্রমে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি বা খালাস প্রদান করা হোক।’ এ মামলায় ১১ জন সাক্ষী। ১৯৯৭ সালের ৬ মার্চ এসআই হুমায়ুন কবির ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০০০ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত।
মামলার বাদী নিহত আজাদের ছোট ভাই সেলিম খান এজাহারে উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৯ এপ্রিল আউটার স্টেডিয়ামে মিছিল নিয়ে যাওয়ার পথে নন্দনকানন এলাকায় আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন হেলাল আকবরসহ তাঁর সহযোগীরা। আজাদের মেয়ে নওশীন আনজু প্রথম আলোকে বলেন, ‘সাত মাস বয়সে বাবাকে হারিয়েছি। ১৯ বছরেও বিচার পাইনি। উল্টো মামলা থেকে সব আসামির নাম প্রত্যাহার করা হচ্ছে। কোথায় বিচার পাব!’ বাদী সেলিম খান মারা গেছেন। আরেক ভাই নওশাদ আলী খান জানান, আইনজীবীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।