রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যারহস্য উন্মোচনের খুব কাছাকাছি এবং হত্যাকারীদের খুব শিগগির সবার সামনে হাজির করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক (আইজি)।
আলোচিত এ হত্যাকাণ্ডের ২১ দিন পর গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এক সমাবেশে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি এ কে এম শহীদুল হক। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।
রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশ’-এর আয়োজন করে। শুরুতে অধ্যাপক রেজাউলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ শেষে মন্ত্রীরা নগরের শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা ও বিচারের আশ্বাস দেন।
সমাবেশে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা (হত্যারহস্য উন্মোচনের) খুব কাছাকাছি এসেছি। তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন বলব না। তবে আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই, আমরা খুব শিগগির হত্যাকারীদের আপনাদের সামনে হাজির করব এবং বিচারের দোরগোড়ায় পৌঁছে দেব।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি ঘটা প্রতিটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে বা করার দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে আসাদুজ্জামান খান শিক্ষক সমিতি ও ছাত্রদের কাছে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিচার অবশ্যই হবে।’ শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্ক দূর করতে বিশ্ববিদ্যালয়সহ সারা রাজশাহীতে পুলিশের দৃশ্যমান টহল বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘একজন সার্থক শিক্ষকের এ রকম হত্যাকাণ্ড মানা যায় না। আমরা এই হত্যাকাণ্ডের তদন্তের দ্রুত সমাপ্তি চাই। আমরা চাই অপরাধীদের দ্রুত বিচার করা হোক।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আপনারা ভীত হবেন না। কারণ, আপনারা ভীত হয়ে গেলেই তারা বিজয়ী হয়ে যাবে।’
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘আমি দিনক্ষণ টাইম উল্লেখ করে কোনো ওয়াদা করব না। তবে পুলিশের প্রতি আস্থা থাকতে হবে। তদন্তে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে।...অতি শিগগিরই, আমি আবার বলছি, অতি শিগগিরই আমরা হত্যাকারীদের আদালতে সোপর্দ করতে সক্ষম হব।’
তদন্ত চলাকালে তথ্য-উপাত্ত জনসম্মুখে প্রকাশ করার সুযোগ নেই উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘পুলিশ পাবলিকলি (প্রকাশ্যে) নীরবতা পালন করতে পারে কিন্তু ভেতরে ভেতরে আমরা নীরব নই।’
সমাবেশে অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ান হাসিন বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক বলতে প্রকৃত অর্থে দৃষ্টান্তমূলক। এ হত্যায় জড়িত একজনের সর্বোচ্চ শাস্তি হবে, অন্য জড়িতদের অন্য শাস্তি হবে, তা না।’
বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ‘২২তম দিনে এসে আমরা আর বক্তব্যের ফুলঝুড়ি চাই না। আমরা দৃশ্যমান অগ্রগতি চাই।’
সমাবেশে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, সাংসদ আয়েন উদ্দিন ও আখতার জাহান, রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আবদুল খালেক, সাবেক রাষ্ট্রদূত সাইদুর রহমান খানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।