গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরের হত্যারহস্য খুঁজে বের করতে তদন্তের গতিকে আরও বেগবান করা হবে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে।সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল সোমবার বিকেলে নূরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এই আশ্বাস দেন। ‘জননেতা নূরুল ইসলাম স্মরণে নাগরিক কমিটি’ এই সভার আয়োজন করে। সভায় বিভিন্ন বক্তা নূরুল ইসলাম হত্যাকাণ্ডে গতিশীলতার অভাব রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন। বক্তারা হত্যারহস্য দ্রুত উদ্ঘাটনের তাগিদ দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এবার এ রহস্য উদ্ঘাটনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নূরুল ইসলাম হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা। তাঁর মৃত্যু সম্পর্কে অনেক প্রশ্ন ওঠে। জীবিত অবস্থায় অনুরোধ সত্ত্বেও তিনি কোনো কথা বলে যাননি। ‘গ্যাস বিস্ফোরণে’ তাঁর মৃত্যু হয়েছে কি না, বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত হতে পারেননি। এমনকি ঘরে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের হাত-পায়ের ছাপ উদ্ধার করা সম্ভব হয়নি। বাইরে থেকে এই হত্যা মামলাটি যতটা সহজ ও সরল মনে করা হচ্ছে, ততটা সহজ ও সরল নয়।সভার সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, নূরুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়নি। এর পেছনে চক্রান্ত ছিল। এই সরকারের মেয়াদে তদন্তের অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিন। মামলার তদন্তে জোরালো অগ্রগতি হচ্ছে, দেশবাসী যেন এটা জানতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তদন্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, একদিন এ হত্যাকাণ্ডের বিচার হবেই।গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, নূরুল ইসলামের নির্বাচনসংক্রান্ত প্রতিদ্বন্দ্বী এবং টেলিফোনের হুমকির সূত্র ধরে এগিয়ে এলে রহস্য উদ্ঘাটনের দ্বার উন্মোচিত হতে পারে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, এখনকার অধিকাংশ রাজনীতিবিদ রাজনীতির মাধ্যমে নিজের উন্নতির কথা চিন্তা করেন। নূরুল ইসলাম ছিলেন এর থেকে অনেক দূরে। সভা পরিচালনাকারী খোন্দকার ইব্রাহিম খালেদ মামলাটি পুনঃতদন্তের অনুরোধ জানিয়ে বলেন, তদন্তে আগুনের কথা বলা হয়েছে। কিন্তু বাড়িতে আগুনের কোনো চিহ্ন দেখা যায়নি। তিনি প্রশ্ন করেন, তাহলে অগ্নিনির্বাপণকারী দলকে খবর দিল কে? বিশেষজ্ঞরাও বলেছেন, এটা আগুন নয়, রাসায়নিক কিংবা বিষাক্ত গ্যাস। কিন্তু যাঁরা তদন্ত করছেন, তাঁরা বলছেন আগুনের কথা। তিনি মনে করেন, মোটা অঙ্কের অর্থ দিয়ে তদন্ত কর্মকর্তাদের বশীভূত করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন পল্টু, সাংসদ ইসরাফিল আলম, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।