সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান শামছু। তাঁর বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতা হত্যা, পুলিশের ওপর হামলা ও দ্রুত বিচার আইনের একটি মামলা রয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি এই তিনটি মামলার কথা উল্লেখ করেছেন।
ছাতক পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওয়াহিদ। এ তিন প্রার্থীর মধ্যে মামলা আছে কেবল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। এই তিন মামলায় শামছুর রহমানের সঙ্গে প্রধান আসামি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদ মিলন আছেন।
মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ ডিসেম্বর ২০-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে ছাতক শহরে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ছাতক টেকনিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুল হক তালুকদার গুরুতর আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই সংর্ঘষ ও ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় ছাতক থানায় তিনটি মামলা হয়। এই তিন মামলাতেই শামছুর রহমান আসামি।
শামছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এগুলো আসলে রাজনৈতিক মামলা। এসবে জড়িত না থাকা সত্ত্বেও আমাকে কেবল রাজনৈতিক কারণে আসামি করা হয়েছে। এটা ছাতকের মানুষ জানে। বর্তমানে এসব মামলায় আমি জামিনে আছি। আমি দলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি।’
এ ব্যাপারে জানতে চাইলে কলিম উদ্দিন আহমদ বলেন, ‘আমরা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। আমাদের প্রার্থী যাতে রাজনৈতিক হয়রানির শিকার না হন, সে জন্য নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’