পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায় হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সন্দেহভাজন জেএমবি সদস্য রমজান আলী (২০)।
এ নিয়ে ওই ঘটনায় করা দুই মামলায় রমজানসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এর আগে ১ মার্চ আলমগীর হোসেন (৩০) ও ৬ মার্চ হারেজ আলী (৩৪) নামে অন্য দুজন জবানবন্দি দেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা একটায় জেলা আমলি আদালত-২-এ রমজান আলীকে (২০) হাজির করে পুলিশ। এরপর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে রমজান আলী যজ্ঞেশ্বর হত্যায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার সদস্য।
পুলিশ জানায়, রমজান শুধু যজ্ঞেশ্বর হত্যা মিশন নয়, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে জেএমবির বিভিন্ন মিশনে অংশ নিয়েছেন বলে আদালতে স্বীকার করেন।
আদালতের পরিদর্শক রবিউল ইসলাম খান বলেন, রমজান ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করায় আদালত দুই মামলায় তাঁর ১৮ দিনের রিমান্ড আদেশ বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলা সদরের শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠে ঢুকে দুর্বৃত্তরা মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে এবং মঠের পূজারি গোপাল চন্দ্রকে গুলি করে পালিয়ে যায়। যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ হত্যার ঘটনায় একটি ও দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেন। দুটি মামলাতে তিন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন রাতেই পুলিশ খলিলুর রহমান, বাবুল হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে। ২৩ ফেব্রুয়ারি তাঁদের ১৫ দিনের রিমান্ড নেয় পুলিশ। তাঁদের মধ্যে খলিলুর ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলায় খালাস পান। ২৫ ফেব্রুয়ারি রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি হারেজ আলী, আলমগীর হোসেন ও রমজান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ মার্চ দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের মোমিন নামের আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে আট দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ১১ মার্চ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মহন্ত বলেন, যজ্ঞেশ্বর হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। সাত আসামিই এখন কারাগারে রয়েছেন।