
ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যায় কোন অস্ত্র ব্যবহৃত হয়েছে, তা স্পষ্ট করা হয়নি অভিযোগপত্রে। পুলিশ মো. সোহেল নামে যে ব্যক্তিকে অস্ত্রের মালিক বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে, তাঁকেও খুঁজে পাওয়া যায়নি। তাঁর পরিবারের অভিযোগ, গত বছরের ১৬ অক্টোবর সোহেলকে বাসা থেকে ধরে নিয়ে যায় ডিবি পরিচয়ধারীরা।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি এনজিওর কর্মকর্তা সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। নয় মাস তদন্তের পর গত ২৮ জুন আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। অভিযোগপত্রে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট দেশকে অস্থিতিশীল করতে ওই হত্যার ঘটনা ঘটিয়েছে। এর পেছনে মূল ব্যক্তিটি হলেন মহানগর বিএনপির নেতা এম এ কাইয়ুম।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিএনপির নেতা কাইয়ুম পলাতক। তাঁকে ধরতে পারলে এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতাও মিলতে পারত। আর অস্ত্র সরবরাহকারী সোহেলকে ধরতে পারলে অস্ত্রের সন্ধানও মিলবে। এ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা পেলেও একই কায়দায় অন্য বিদেশি নাগরিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা খুঁজে পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আইনজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন, দুর্বল অভিযোগপত্রের কারণে সিজার তাবেলা হত্যা মামলাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। মামলাটি এখন আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। গত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আগামী ১৮ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
বাংলাদেশে বিদেশিদের ওপর পরিকল্পিত হামলা এবং আইএসের দায় স্বীকারের প্রথম ঘটনা এটি। সর্বশেষ ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি করে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। তাবেলা হত্যার পাঁচ দিন পর (৩ অক্টোবর) রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায়ও স্বীকার করে আইএস। এরপর ওই বছরের ১৮ নভেম্বর দিনাজপুরে যাজক ও চিকিৎসক পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনারও দায় স্বীকার করে আইএস।
তদন্তের পরে কুনিও হোশি হত্যা ও পারোলারির ওপর হামলায় জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। যদিও এই দুই ঘটনার পরে সরকারবিরোধী রাজনীতিকদের দায়ী করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়। কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান, মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল, কাজল চন্দ্র বর্মণ এবং নিহত কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির এখনো কারাগারে রয়েছেন। এই দুটি ঘটনায় পুলিশ জেএমবির সম্পৃক্ততা পেলেও তাবেলা হত্যায় বিএনপি নেতাদের দায়ী করে গত ২৮ জুন অভিযোগপত্র দেয় ডিবি।
বিএনপির দিকে অভিযোগ: অভিযোগপত্রে হত্যার কারণ হিসেবে বলা হয়েছে, তদন্তকালে জানা যায় যে ২০-দলীয় জোট ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করায় ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী অবরোধের ডাক দেয়। ওই অবরোধ জনগণ প্রত্যাখ্যান করলে ২০-দলীয় জোট দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যাসহ বিভিন্ন রকম অপরাধে লিপ্ত হয়। এতেও সরকার বিচলিত না হওয়ায় তারা বিদেশিদের হত্যার পথ বেছে নেয়।
অভিযোগপত্রে হত্যার জন্য সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও তাঁর ভাই আবদুল মতিনের যোগসাজশে আরও পাঁচজন সরাসরি এই হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন। মূল হত্যায় তিনজন অংশ নেন। তামজিদ আহমেদ ওরফে রুবেল গুলি করে তাবেলাকে হত্যা করেন। হত্যা শেষে তিনি মিনহাজুল আরেফিন ওরফে কালা রাসেলের মোটরসাইকেলের পেছনে বসে পালিয়ে যান। আর তাবেলাকে হত্যার জন্য দেখিয়ে দিয়েছিলেন রাসেল চৌধুরী ওরফে চাক্কী রাসেল। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেন মো. সোহেল ওরফে ভাঙারি সোহেল। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি দিয়েছিলেন শাখাওয়াত হোসেন ওরফে শরীফ।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত তদারককারী কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘ তদন্তে তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জেএমবি বা কোনো জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততা পাননি। তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন যে কাইয়ুমের পরিকল্পনাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। কাইয়ুম ধরা পড়লে এ মামলায় তারেক রহমানের সম্পৃক্ততাও বেরিয়ে আসত।
সোহেল কোথায়: কাইয়ুম ও সোহেল পলাতক বলে পুলিশের দাবি। অন্য পাঁচজন কারাবন্দী রয়েছেন। তবে সোহেলের স্বজনেরা বলছেন, গত বছরের অক্টোবরে ডিবি পরিচয়ধারীরা তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ সোহেল। সোহেলের ভাই পারভেজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, গত বছরের ১৬ অক্টোবর ডিবি পরিচয়ে তাঁর বড় ভাই সোহেল আহম্মেদকে বাসার কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো সন্ধান নেই। তাঁরা মনে করছেন, তাঁর ভাইকে হত্যা করে গুম করে ফেলা হয়েছে।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, ‘সোহেলকে আটকের অভিযোগ সত্যি নয়। পুলিশের কাছে তথ্য রয়েছে ঘটনার পরে ভাঙারি সোহেল ভারতে পালিয়ে গেছে।’ অন্য আসামিরা ডিবি হেফাজতে সোহেলকে নির্যাতন করতে দেখেছেন এ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব সত্য নয়।
গ্রেপ্তার আরেক সন্দেহভাজন মতিনের স্ত্রী মুসাররাত জাহানও তাঁর স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করে প্রথম আলোকে বলেন, মতিন কখনোই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁর পোশাক কারখানার ব্যবসা রয়েছে। বড় ভাই কাইয়ুম বিএনপির রাজনীতিতে যুক্ত বলেই মতিনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।
শেখ নাজমুল বলেন, মতিন পুলিশের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। তিনি অসুস্থ থাকায় তাঁকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়নি।
কোন অস্ত্রে খুন: কোন অস্ত্রে তাবেলাকে হত্যা করা হয়েছিল তা অভিযোগপত্রে স্পষ্ট করা হয়নি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৫ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি পিস্তল উদ্ধার করা হয়। এই পিস্তল দুটির কোনোটি তাবেলা খুনে ব্যবহৃত হয়েছিল কি না, তা নিশ্চিত হতে উদ্ধার করা গুলির খোসার সঙ্গে পিস্তল দুটো বিস্ফোরক পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়।
তবে পরীক্ষায় কী ফল এসেছে তা অভিযোগপত্রে স্পষ্ট করা হয়নি। পরে ব্যালাস্টিক পরীক্ষার প্রতিবেদনটি সংগ্রহ করে দেখা যায় তাতে বলা হয়েছে, বাড্ডা থানা থেকে উদ্ধার করা পিস্তল দুটি তাবেলা হত্যায় ব্যবহৃত হয়নি। উপকমিশনার নাজমুল বলেন, অন্য একটি মামলায় উদ্ধার হওয়া অস্ত্র এই হত্যায় ব্যবহৃত হয়েছিল কি না, তা পরীক্ষায় নিশ্চিত না হওয়ার কারণে মামলায় ওই অস্ত্রগুলো আলামত হিসেবে দেখানো হয়নি।
মামলাটির বিষয়ে জানতে চাইলে আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, যদি শক্ত কোনো আলামত বা প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকে, ঘটনার পেছনে রেষারেষি, ব্যক্তিগত শত্রুতা বা কোনো আর্থিক লাভের বিষয়ও প্রমাণিত না হয়, তাহলে ধরে নেওয়া যায়, শুধু রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এ প্রেক্ষাপটে শুধু স্বীকারোক্তির ওপর নির্ভর করে মামলা প্রমাণ করা দুরূহ হবে।