হত্যায় চার জেএমবি সদস্য জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জেএমবির চারজন সদস্য জড়িত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, তাঁদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। আর একজন মোটরসাইকেলে করে তাঁদের পালিয়ে যেতে সাহায্য করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। জড়িত চারজনের মধ্যে গ্রেপ্তার করা মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ (২৩) ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মহানগর পুলিশ সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়। পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে খুনিদের আশ্রয়দাতা জেএমবির তিন সদস্যকে গত সোমবার রাতে শহরের খড়খড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অবশ্য সংবাদ সম্মেলনে এই তিনজনের সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। তবে রেজাউল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আবদুস সাত্তার ও তাঁর ছেলে রিপন এবং রহমতুল্লাহ নামের এক যুবককে আদালতে পাঠায় পুলিশ। তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহ-কারী কমিশনার ইফতে খায়ের আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রেজাউল হত্যায় জড়িত ব্যক্তিদের আশ্রয়দাতা হিসেবে এই তিনজনের কথাই দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেছিলেন।
অবশ্য আবদুস সাত্তারের স্ত্রী রমেছা খাতুন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার বিকেলে তাঁর স্বামী ও ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। তাঁর স্বামী ও দুই ছেলে কৃষিকাজ করেন। আরেক ছেলে রিপন এইচএসসি পরীক্ষার্থী। রমেছার দাবি, সোমবার রাত দুইটার দিকে পুলিশ একটি মোটরসাইকেল এনে তাঁদের বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ এলাকার মেম্বার ও পাশের বাড়ির দুজন লোককে ডেকে এনে দেখায় যে, এই মোটরসাইকেল এই বাড়ি থেকে পাওয়া গেছে। রমেছা বলেন, তাঁর তিন ছেলের কেউ মোটরসাইকেল চালাতে পারেন না।
মাসকাওয়াতের ছবি দেখিয়ে চেনেন কি না জানতে চাইলে রমেছা খাতুন বলেন, এমন কাউকে তিনি কোনো দিন দেখেননি।
খড়খড়ির ওই বাড়িতে পুলিশ নিজেই মোটরসাইকেল রেখে এসেছিল—বাড়ির সদস্যদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ কমিশনার বলেন, অপরাধীরা নিজেদের মতো করে সাজিয়ে অনেক কথাই বলে, সেটা সঠিক নয়।
এ ছাড়া গতকাল আদালতে পাঠানো অপর যুবক রহমতুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরদিন মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিভাগের শিক্ষক নূরুল আলম। জিডিতে রহমতুল্লাহর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রাম উল্লেখ আছে। আর আদালতের কাগজপত্রেও রহমতুল্লাহর একই ঠিকানা পাওয়া গেছে।
যেভাবে হত্যা: সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহকে রোববার রাতে গাইবান্ধা থেকে আটক করা হয়। তাঁর বাড়ি বগুড়ায়। তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করেছেন। তিনি সোমবার রাজশাহীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ কমিশনার বলেন, মাসকাওয়াত জবানবন্দিতে বলেছেন, তাঁরা তিনজন সরাসরি হত্যায় অংশ নেন। আর অপর একজন মোটরসাইকেল চালু রেখে দাঁড়িয়ে ছিলেন। তিনজন চাপাতি দিয়ে কুপিয়ে রেজাউল করিমের মৃত্যু নিশ্চিত করেন। তিনি শেষ কোপ দেন। তাঁদের তিনজনের একজন মোটরসাইকেলে করে পালিয়ে যান। অপর দুজন অন্যদিক দিয়ে পালিয়ে যান।
অধ্যাপক রেজাউলকে হত্যার জন্য তাঁরা আগে থেকে পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা শনিবার দিনটি বেছে নেন। ওই দিন অফিস বন্ধ থাকার কারণে সকালে রাস্তাঘাটে লোকজন কম চলাফেরা করে। আর রেজাউল করিমের শনিবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকে। তিনি বাসা থেকে হেঁটে গিয়ে বাস ধরেন। কিন্তু প্রথম শনিবার হত্যাকারীরা কোনো কারণে ব্যর্থ হন। পরের শনিবার (২৩ এপ্রিল) তাঁরা রেজাউল করিমকে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁদের কাছে গ্রেনেড ছিল। কিন্তু তাঁদের তা ব্যবহার করতে হয়নি।
কেন রেজাউল করিমকে হত্যা করা হয়েছে—এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জবানবন্দির বরাত দিয়ে বলেন, কেন হত্যা করা হয়েছে, তাঁরা তা জানেন না। ওপর থেকে তাঁদের শুধু হত্যার জন্য নাম দেওয়া হয়। তাঁরা নাম পেয়ে তাঁকে হত্যা করেন।
আর কোনো হত্যাকাণ্ডের সঙ্গে মাসকাওয়াত জড়িত কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এই বিষয়টি তাঁর কাছে জানতে চাওয়া হয়নি। আরও অনেক কাজ বাকি আছে। প্রয়োজনে তাঁকে রিমান্ডে আনা হবে।
কোন শ্রেণির মানুষকে হত্যার জন্য জেএমবি তালিকা করে—এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জবানবন্দির বরাত দিয়ে বলেন, নাস্তিক, বিদেশি, ইসলাম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত, রাজনীতিক ও সাংবাদিকেরা তাদের তালিকায় রয়েছে।
গত ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে শালবাগান এলাকায় নিজ বাসার সামনে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় পুলিশ পাঁচজনকে আটক করেছিল। তাঁদের মধ্যে দুজনকে পাঁচ দিন আটক রেখে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। তিনজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁরা হত্যার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেননি। এঁদের এখন ছেড়ে দেওয়া হবে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে ছেড়ে দেওয়া হবে না।