হত্যায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পুলিশ কনস্টেবল রাকিবুল হাসান হত্যায় জড়িত সন্দেহে শারমিন জাহান ওরফে মিনু বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন থানা হেফাজতে আটক রাখার পর গতকাল বুধবার বিকেলে মিনুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে। পরে আদালতের নির্দেশে সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মিনু শেরপুর পৌর শহরের পূর্বশেরী এলাকার বাসিন্দা।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ও রাকিবুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার মিনুর বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন সময়ে নানা ধরনের নেতিবাচক তথ্য রয়েছে। তাঁর বাসা ঘটনাস্থল বাটারা এলাকাসংলগ্ন পৌর শহরের পূর্বশেরী এলাকায়। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, এমন ধারণা থেকে গত সোমবার ঘটনার দিন দুপুরেই মিনুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়। এরপর তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাঁকে (মিনু) ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পৌর শহরের পূর্বশেরী এলাকার দুদু (৩৫), ইউনুছ আলী (২৫) ও নাছিমা বেগমকে (৩২) থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যা রহস্য উদ্ঘাটন করা যায়নি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার বলেন, রাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি র্যা বও এ ঘটনার তদন্ত করছে। আশা করা যায়, হত্যার রহস্য খুব তাড়াতাড়ি উদ্ঘাটন করা সম্ভব হবে।
১৯ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর জেলা পুলিশ লাইনসের কাছে পৌর শহরের বাটারা এলাকার রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে রাকিবুল হাসানের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। রাকিবুল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় রাকিবুলের বাবা মো. শাহজাহান মিয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন।