হত্যায় ব্যবহৃত অস্ত্রের উৎস জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলির উৎস জানতে পারেনি পুলিশ। মাহমুদা হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় দেওয়া অভিযোগপত্রে ঘটনার ‘পরিকল্পনাকারী’ কামরুল শিকদার ওরফে মুছাকে কার নির্দেশে এহতেশামুল হক ওরফে ভোলা অস্ত্র দিয়েছিলেন, তা উঠে আসেনি।

গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়। গতকাল বৃহস্পতিবার অস্ত্র মামলায় আদালতে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভোলা কার নির্দেশে মাহমুদা হত্যার পরিকল্পনাকারী মুছাকে অস্ত্র দিয়েছিলেন, তা স্বীকার করেননি। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় কৌশলে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ভোলা।’

আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘মাহমুদা হত্যা মামলার আসামি মোতালেব ওরফে ওয়াসিম গত ২৫ জুন গ্রেপ্তারের পর স্বীকার করেন, মাহমুদা হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি তাঁদের সহযোগী ও দলনেতা মুছা ঘটনার আগের রাতে ভোলার কাছ থেকে সংগ্রহ করেন। হত্যাকাণ্ডের পর ভোলার কাছে এগুলো ফেরত দেওয়া হয়। এই তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে ২৭ জুন ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার রিকশাচালক মনির হোসেনকে পরদিন ভোরে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলটি মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখায় আসামি ভোলা ও মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো।’

ভোলা কার নির্দেশে মুছাকে অস্ত্র দিয়েছিলেন, তা তদন্তে উঠে না আসা প্রসঙ্গে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘ভোলা ও মনিরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে ভোলা তাঁকে (মনির) অস্ত্রগুলো রাখতে দিয়েছেন বলে স্বীকার করলেও ভোলা কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন এবং কার নির্দেশে ভোলা মুছাকে মাহমুদা হত্যায় ব্যবহারের জন্য এগুলো দিয়েছেন, জবানবন্দিতে তা তিনি স্বীকার করেননি। তদন্তেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।’

মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন।