হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি

চট্টগ্রাম নগরে পুলিশ সুপার (এসপি) মো. বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভাষ্য, গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুড়তলার বড় গ্যারেজের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ডিবির একাধিক দল মাঠে রয়েছে। অভিযান চলাকালে রাস্তায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হলে মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে ভিডিও ফুটেজ যাচাই করে মাহমুদা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সঙ্গে জব্দ মোটরসাইকেলের মিল পাওয়া গেছে। জব্দ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা যাচাইয়ের চেষ্টা চলছে।
গতকাল সকালে চট্টগ্রামের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদাকে।
ছেলেকে স্কুলগাড়িতে তুলে দিতে জিইসি মোড়ে আসছিলেন মাহমুদা। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক জিইসি মোড় থেকে আসে। চালকের মাথায় হেলমেট ছিল। পেছনে বসা দুজনের মধ্যে মাঝখানে বসা যুবকের হাতে ছুরি ছিল। পেছনে বসা তৃতীয়জনের হাতে ছিল পিস্তল। তারা প্রথমে মোটরসাইকেল দিয়ে মাহমুদাকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের মাঝে বসা যুবক মাহমুদাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এরপর তৃতীয়জন পিস্তল দিয়ে গুলি করে। প্রথম গুলিটি মিস হয়, দ্বিতীয় গুলি মাহমুদার কপালে লাগে। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।
জঙ্গিবিরোধী অভিযানে বাবুল আক্তারের সাহসী ভূমিকার কারণে তাঁর স্ত্রী নিশানায় পরিণত হয়েছেন বলে পুলিশের অনেক কর্মকর্তাই মনে করছেন।
বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকার পুলিশ সদর দপ্তরে যোগ দেন। এর আগ পর্যন্ত গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর-দক্ষিণ জোনের দায়িত্বে ছিলেন।
চট্টগ্রামের ও আর নিজাম আবাসিক এলাকার ইকুইটি সেনট্রিয়াম নামের একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বাবুল আক্তার। তিনি ঢাকায় যাওয়ার পর বাসায় ছিলেন তাঁর স্ত্রী, প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে, প্লে গ্রুপে পড়ুয়া মেয়ে ও গৃহকর্মী।
হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাতে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে এ মামলা করেন।
আরও পড়ুন:
চট্টগ্রামে এসপির স্ত্রীকে হত্যা