হত্যায় 'বহুদলীয় বাহিনী', নেপথ্যে কুটিল রাজনীতি

ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরাম হত্যার নেপথ্যে রয়েছে স্থানীয় পর্যায়ের কুটিল রাজনীতি৷
ঘটনার ছয় দিন পর একরামের স্বজনেরা অভিযোগ করেছেন, এই হত্যার জন্য তিন কোটি টাকা দিয়েছেন গত উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মাহতাব উদ্দিন চৌধুরী (মিনার)৷ আর হত্যায় জড়িত বলে র্যাব-পুলিশ যাঁদের চিহ্নিত করেছে, তাঁদের বেশির ভাগই সরকারদলীয় স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর ক্যাডার হিসেবে পরিচিত৷ আর, হত্যা পরিকল্পনা বাস্তবায়ন তদারককারী আওয়ামী লীগের দুই নেতা জাহিদ চৌধুরী ও আবদুল্লা হিল বাকী শিবলুও সাংসদের ঘনিষ্ঠ৷
আবার, একরামকে যিনি প্রথম গুলি করেছেন বলে র্যাব যাঁকে চিহ্নিত করেছে, গ্রেপ্তার হওয়া সেই আবিদুল ইসলাম (আবিদ) বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সঙ্গে যুক্ত। তবে তাঁর মা লায়লা জেসমিন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷ আর ফুফাতো ভাই হলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী৷

আবিদের সঙ্গে ছাত্রদল-যুবদলের আরও কয়েকজন হামলায় অংশ নিয়েছেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে৷ এর মধ্যে আবিদের সঙ্গে গ্রেপ্তার হওয়া এবং র্যাবের ভাষ্য অনুযায়ী, একরাম হত্যায় সরাসরি জড়িত চৌধুরী নাফিজ উদ্দীন (অনীক) জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মিনার চৌধুরীর ভাতিজা। অনীকের বাবা দিদার চৌধুরী ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক৷ আর মিনার চৌধুরী একরাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় একাধিক নেতা বলেছেন, একরাম হত্যার ঘটনায় প্রধান দুই দলের একাধিক পক্ষ লাভবান হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এ কারণে ‘বহুদলীয় বাহিনী’ এ ঘটনায় অংশ নিয়েছে৷
আওয়ামী লীগে একরামের অনুসারীরা জানান, ফেনীর একসময়ের সন্ত্রাসের গডফাদার জয়নাল হাজারীকে স্থানীয় রাজনীতি থেকে তাড়ানোর ক্ষেত্রে নিজাম হাজারীর বড় সহযোগী শক্তি ছিল একরাম ও তাঁর বাহিনী৷ নানা বিষয়ে এ দুজনের মধ্যে কিছুদিন ধরে ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছিল৷ একরাম অর্থ ও পেিশশক্তিতে নিজাম হাজারীর প্রায় সমকক্ষ ছিলেন৷ ফেনীর ঠিকাদারি ব্যবসার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করতেন একরাম। জয়নাল হাজারীকে উৎখাতের পর ফেনীতে গত পাঁচ বছরের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন নিজাম হাজারী। একরামকে খুন হওয়ার পর নিজাম হাজারী কিছুটা চাপে পড়েছেন৷ আর, এ সুযোগকে কাজে লাগিয়ে ফেনীর রাজনীতিতে আবার জায়গা করে নিতে তৎপর হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারী৷ তিনি একরাম হত্যার জন্য নিজাম হাজারীকে দায়ী করেছেন৷ আর, নিজাম হাজারী এ হত্যার জন্য যুগপৎ জয়নাল হাজারী ও বিএনপির মিনার চৌধুরীকে দায়ী করেছেন৷ তাঁর দাবি, একরামের সঙ্গে তাঁর ভাই-ভাই সম্পর্ক ছিল৷

২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের গাড়ির গতিরোধ করে তঁাকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
ঘটনার ছয় দিন পর গতকাল রোববার একরামের পরিবারের এক সদস্য প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনের আগেই একরামকে হত্যার পরিকল্পনা হয়৷ এ হত্যার জন্য ঢাকায় ফেনী সমিতির এক নেতার মাধ্যমে অন্তত তিন কোটি টাকা ঢেলেছিলেন মিনার চৌধুরী৷ সেই টাকায় জাহিদ চৌধুরী আটটি পিস্তল কিনেছিলেন৷ সেই আটটি পিস্তলের পাঁচটি একরাম হত্যায় ব্যবহৃত হয়েছে৷
স্থানীয় সূত্রগুলো জানায়, একসময়ের একরামের অনুগত দুর্ধর্ষ ক্যাডার এই জাহিদ চৌধুরী। একরামকে যে স্থানে খুন করা হয়, একই স্থানে ১৯৯৯ সালে ফুলগাজী যুবলীগের নেতা আবুল বশর ওরফে বইশ্যাকে কুপিয়ে ও গুলি করে খুন করেন এই জাহিদ ও তাঁর বাহিনী৷ তখন প্রচার ছিল, একরামের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁর নির্দেশে আবুল বশরকে হত্যা করেন জাহিদ৷
দীর্ঘদিনের এই গুরু-শিষ্য সম্পর্ক ভেঙে যায় আনন্দপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে৷ জয়নাল হাজারীর ‘রাজত্বে’র সময় একরাম পেিশশক্তি ব্যবহার করে ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন৷ পরে তিনি সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন এবং শেষ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হন৷ আর, জাহিদ আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে একরামের সমর্থন চান৷ কিন্তু একরাম সমর্থন দেন ব্যবসায়ী হারুন উর রশীদকে৷ এ নিয়ে তিন বছর ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে একরাম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে জাহিদকে বহিষ্কার করেন৷ কিন্তু পরে জাহিদকে কমিটিতে পুনর্বহাল করেন সাংসদ নিজাম হাজারী৷ একরামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে
এবার উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত মিনার চৌধুরীর পক্ষ নেন জাহিদ চৌধুরী৷
একরামের স্বজনেরা জানান, ২৩ মার্চ ফুলগাজী উপজেলা নির্বাচনের দিন একরামের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছিল৷ অল্পের জন্য তিনি বেঁচে যান। এ জন্য জাহিদ চৌধুরীকেই দায়ী করতেন একরাম।

বহুদলীয় বাহিনী: একরাম হত্যার জড়িত আবিদ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। দলীয় মিছিলসহ বিভিন্ন অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের ছবিও পাওয়া গেছে। কিন্তু ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আবিদ ছাত্রদলের কেউ নন৷ তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত। আর, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম বলেছেন, আবিদ ছাত্রদল করেন। ছাত্রদলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে৷
গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম (সৈকত) পরশুরাম উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারের ছেলে৷ তাঁর স্বজনেরা জানান, সৈকত ঢাকায় বিবিএ পড়েন। ছুটিতে বাড়িতে এসে আবিদের পাল্লায় পড়েছিলেন৷
স্থানীয় লোকজন জানান, হামলায় অংশ নেওয়া এসব তরুণ সবাই মূলত বখে যাওয়া উঠতি সন্ত্রাসী। শহরের একাডেমি এলাকায় বাসবাস করেন। এলাকার ‘বড় ভাইদের’ ডাকে কখনো ছাত্রলীগের মিছিলে, কখনো ছাত্রদলের মিছিলে দেখা যেত।
গ্রেপ্তার হওয়া আরেকজন অনীক ফেনী জেলা জাতীয়তাবাদী তাঁিত দলের আহ্বায়ক মিনার চৌধুরীর ভাই দিদার চৌধুরীর ছেলে। গত শনিবার সন্ধ্যায় ফেনী জেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় একরাম হত্যার জন্য মিনার চৌধুরীকেই দায়ী করা হয়।
এ ব্যাপারে মিনার চৌধুরী ও দিদার চৌধুরীর বক্তব্য জানা যায়নি৷ দুজনের মুঠোফোন বন্ধ ছিল৷ পরে ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীর সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বীকার যে জাহিদ চৌধুরী উপজেলা নির্বাচনে মিনার চৌধুরীর পক্ষে কাজ করেছেন। তিনি দাবি করেন, একরাম হত্যার ঘটনায় যেসব নাম প্রকাশিত হয়েছে, তাতে বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের পদ-পদবিধারী কেউ নেই। মিনার চৌধুরীর সঙ্গেও স্থানীয় বিএনপির এত বেশি যোগাযোগ নেই, তিনি ঢাকায় ব্যবসা করেন।
অবশ্য এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে একরাম খুন হয়েছেন৷ তিনি এ জন্য সাংসদ নিজাম হাজারীকে দায়ী করেছিলেন৷