হদিস মিলছে না লঞ্চের, আরও ৭ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের লাশ খুঁজে পাওয়ায় আশায় ছবি নিয়ে স্বজনেরা। ছবিটি আজ বুধবার মাওয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা
মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের লাশ খুঁজে পাওয়ায় আশায় ছবি নিয়ে স্বজনেরা। ছবিটি আজ বুধবার মাওয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মায় ‘পিনাক-৬’ লঞ্চটি ডুবে যাওয়ার তিন দিন পার হয়েছে। কর্তৃপক্ষের তল্লাশি তত্পরতার পরও সন্ধান মিলছে না লঞ্চটির। এদিকে, আজ বুধবার শরীয়তপুরের নড়িয়া, চাঁদপুরের সদর উপজেলা ও হাইমচর এবং ভোলা সদর উপজেলার নদী থেকে মোট সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া লাশের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

তবে দুর্ঘটনার পর থেকে আজ বেলা তিনটা নাগাদ নয়টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাওয়া ঘাটে স্থাপিত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা এখনো যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ও ‘রুস্তম’ রয়েছে।

জেলেদের জালে আটকা পড়েছে মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের ব্যাগ। ছবিটি আজ বুধবার মাওয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা
জেলেদের জালে আটকা পড়েছে মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজ যাত্রীদের ব্যাগ। ছবিটি আজ বুধবার মাওয়া লঞ্চঘাট থেকে তোলা। ছবি: হাসান রাজা

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খান সাংবাদিকদের বলেন, ডুবে যাওয়া লঞ্চের খোঁজে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। কান্ডারি-২ নামের জাহাজটি বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, গতকাল সারা রাত দুর্ঘটনাস্থলের আশপাশের চার কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। আজ সকালেও সেখানে তল্লাশি চলেছে। বিকেল চারটা নাগাদ ডুবে যাওয়া লঞ্চের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভোলায় তিন লাশ
সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আজ তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম ফাহিদুল করিম আকন্দ। বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আজ সকাল ছয়টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাতাশদাগ বাজারের কাছে ইলিশা নদীতে ফাহিদুল করিম আকন্দের লাশ পাওয়া যায়। তাঁর পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি ছিল। পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তাঁর বাবার নাম লুত্ফুর রহমান। তিনি ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছিলেন তিনি।

প্রিয়জনকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, অন্তত লাশটা যেন পান—এই আশায় স্বজনের অপেক্ষা। মুন্সিগঞ্জের মাওয়া লঞ্চঘাট থেকে আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা
প্রিয়জনকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, অন্তত লাশটা যেন পান—এই আশায় স্বজনের অপেক্ষা। মুন্সিগঞ্জের মাওয়া লঞ্চঘাট থেকে আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা

সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কাঠিরমাথা এলাকায় মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৪০। তবে পরিচয় পাওয়া যায়নি।

বেলা দেড়টার দিকে সদর উপজেলার ভাংতির খাল এলাকায় মেঘনা নদী থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক আট বছর। পরনে গোলাপি রঙের প্যান্ট ও হলুদ-নীল রঙের ফ্রক।

ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ তিনটি লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনটি লাশের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। একজনের পকেটে নয় হাজার টাকা পাওয়া গেছে।

শরীয়তপুরে নারীর লাশ উদ্ধার
আজ সকাল নয়টার দিকে নড়িয়ায় নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নারীর বয়স আনুমানিক ২৭-২৮ বছর। শরীয়তপুরের পাচ্চর এলাকার নির্ধারিত স্থানে লাশটি রাখা হয়েছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।

চাঁদপুরে তিনজনের লাশ
আজ চাঁদপুরে মেঘনা নদীতে তিনটি লাশ ভেসে ওঠে। সকালে হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় মেঘনা নদীতে এক নারীর লাশ ভেসে ওঠে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিয়া বাজার এলাকায় ১৫-১৬ বছর বয়সের এক কিশোরের লাশ দেখতে পান এলাকাবাসী। কিশোরের পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি রয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন রতন লাশ দুটি ভেসে ওঠার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের ধারণা, লাশ দুটি পিনাক-৬ লঞ্চের যাত্রী।

দুপুরে সদর উপজেলার রাজ রাজেশ্বর ইউনিয়নের ব্যাপারীকান্দি এলাকায় মেঘনা নদীতে জামাল হোসেন নামের এক যুবকের লাশ ভেসে ওঠে। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ নিয়ে আজ চাঁদপুরে মেঘনা নদীতে তিনটি লাশ পাওয়া গেল। এর আগে গতকাল মঙ্গলবার হাইমচরে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর লাশ আজ সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন তানভীর হাসান, মুন্সিগঞ্জ; আলম পলাশ, চাঁদপুর ও নেয়ামত উল্যাহ, ভোলা)