হনুমানটি গুরুতর আহত
যশোরের কেশবপুর থেকে চলে যাওয়া একটি হনুমানকে আহতাবস্থায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গত সোমবার রাতে ফিরিয়ে আনা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে হনুমানটির মাথায় ও বুকে আঘাত করা হয়েছে এবং এর ডান পা ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় পশুচিকিত্সকেরা একে সেবা দিচ্ছেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের হাসপাতালের মোড়, উপজেলা পরিষদ চত্বর, কেশবপুর বাসস্ট্যান্ড ও বাইশা গ্রামে ১০টি দলে প্রায় ৪০০ হনুমান রয়েছে। কয়েক দিন আগে দলছুট হয়ে একটি হনুমান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া ইউনিয়নের শাংকিডাঙ্গা গ্রামে চলে যায়। পশুচিকিত্সক আবদুর রহিম জানান, হনুমানটির ডান পা ভেঙে গেছে। মাথায় মারাত্মক ক্ষত হয়েছে। সেটি সেলাই দেওয়া হয়েছে। পায়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে। হনুমানটি সুস্থ হতে এক মাস সময় লাগবে বলে তিনি জানান। গত সোমবার সকালে মোরেলগঞ্জের বন বিভাগের লোকজন হনুমানটি উদ্ধার করে রাতে মোরেলগঞ্জে নিয়ে আসে। পরে মোরেলগঞ্জের বন কর্মকর্তা মনির হোসেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) উপস্থিতিতে বন কর্মকর্তা সুধীর কুমার রায়ের কাছে একে হস্তান্তর করেন। বর্তমানে সরকারিভাবে বিরল প্রজাতির হনুমানদের জন্য প্রতিদিন ৭০ কেজি কলা, পাঁচ কেজি বাদাম ও চার কেজি বিস্কুট দেওয়া হচ্ছে। হনুমানদের খাদ্য খাওয়ানোর কাজে নিয়জিত আবুল হোসেন বলেন, এই খাদ্য দিয়ে সব হনুমানকে খাওয়ানো যায় না।সাগরদাঁড়ি কলেজের অধ্যক্ষ চঞ্চল কুমার বিশ্বাস বলেন, বিরল প্রজাতির হনুমানগুলো চরম খাদ্যসংকটে ভুগছে। সে কারণে তারা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।