হনুমানদের খাদ্যে কাটছাঁট
যশোরের কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানদের জন্য সরকারিভাবে বরাদ্দ করা খাদ্য কমিয়ে দেওয়া হয়েছে। ফলে হনুমানগুলো আরও খাদ্যসংকটে পড়ল। বন বিভাগ বলছে, খাদ্য সরবরাহের জন্য টাকার বরাদ্দ অপরিবর্তিত থাকলেও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় খাদ্যের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, এখন কেশবপুরে ৩৫০টি হনুমান রয়েছে। এদের জন্য গত বছর যশোরের সামাজিক বন বিভাগ থেকে এক হাজার ৪৬৭ টাকায় প্রতিদিন ৭৬ কেজি কলা, চার কেজি বাদাম এবং পাঁচ কেজি পাউরুটি সরবরাহ করা হতো। কিন্তু এ বছরের জুলাই থেকে একই টাকায় কলা ৫০ কেজি, বাদাম তিন কেজি এবং পাউরুটি তিন কেজি করে সরবরাহ করার কার্যাদেশ দেওয়া হয়েছে।বন বিভাগের কর্মচারী আবুল হোসেন জানান, আটটি স্থানে হনুমানদের খাবার দেওয়া হয়। স্থানগুলো হলো: বন বিভাগের কার্যালয়, পুরাতন ব্রিজের এপার-ওপার, ব্রহ্মকাঠি, রামচন্দ্রপুর ঈদগাহ, রামচন্দ্রপুর বকুলতলা, শিশুতলা ও দুর্গাপুর। এই খাদ্যকেন্দ্রগুলোয় খাবার দিতে গিয়ে তিনি সমস্যায় পড়ে যাচ্ছেন। একদিক থেকে খাওয়াতে গেলে শেষ পর্যন্ত সবাইকে আর খাবার দেওয়া যায় না। তিনি আরও জানান, পাঁচ কেজিতে ১৭০টি পাউরুটি হতো, যা আগের সরবরাহ করা পরিমাণের সঙ্গে তুলনা করলে ৩৫০টি হনুমানকে দেওয়া যেত না। এখন সেখানে তিন কেজি পাউরুটি ১২০টির মতো হয়। এতে সমস্যা আরও বেড়ে গেছে।কেশবপুরের বন সংরক্ষক ইউনুস আলী বলেন, ‘যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুব কম। কেশবপুরে যে পরিমাণ হনুমান রয়েছে, তাদের জন্য কলা ১০০ কেজি, পাউরুটি ১০ কেজি আর বাদাম ১০ কেজি হলে ঠিকমতো খাওয়ানো যেত। খাদ্য কমিয়ে দেওয়ার পর থেকে আমাদের অফিসে এসে হনুমানের দল হামলা চালাচ্ছে।’যশোরের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুর রশিদ জানান, বৃহত্তর যশোরের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প থেকে হনুমানদের জন্য খাদ্য সরবরাহ করা হতো। ওই প্রকল্পে যেভাবে খাদ্য সরবরাহের নির্দেশ দেওয়া আছে, সেভাবেই দেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর জিনিসপত্রের দাম বেশি বলে বাধ্য হয়ে খাদ্যের পরিমাণ কমাতে হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। এ প্রকল্পের মেয়াদ ২০১২ সালে শেষ হবে। তারপর নতুন করে প্রকল্প হলে সেখানে খাদ্যের পরিমাণ বাড়ানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ রেজাউন নবী জানান, খাদ্য কম হয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসকের সভায় উত্থাপন করা হয়েছে।কালোমুখো হনুমানগুলো বহুকাল থেকে কেশবপুরে বসবাস করে আসছে। বিচরণক্ষেত্র না থাকায় তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং মানুষের হাত থেকে খাদ্য সংগ্রহ করে। শহরের হাসপাতাল এলাকার বাসিন্দা কবির হোসেন জানান, খাদ্যসংকটের কারণে প্রায়ই হনুমানের দল হাসপাতালের রোগীদের খাদ্য কেড়ে খায়। কেশবপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিম জানান, খাদ্যসংকটের কারণে অনেক হনুমান এলাকাছাড়া হচ্ছে। অনুকূল প্রজনন পরিবেশ না থাকায় এদের বংশবিস্তারও বাধাগ্রস্ত হচ্ছে।