হনুমানের খাদ্য কম দেওয়ায়...
যশোরের কেশবপুরে হনুমানের খাদ্য ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার খাদ্য সরবরাহকারী ঠিকাদারকে সাত হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।ইউএনও জানান, হনুমানের খাদ্য সরবরাহ সঠিকভাবে করা হচ্ছে কি না, তা দেখতে গতকাল সকালে তিনি সরেজমিনে উপজেলা পরিষদের কার্যালয়ের পাশে অবস্থিত বন বিভাগের কার্যালয়ে যান। সেখানে ঠিকাদারের প্রতিনিধি নজরুল ইসলাম হনুমানের জন্য খাদ্য মেপে বন বিভাগের লোকজনদের বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় ইউএনও সরবরাহকৃত খাদ্য মাপিয়ে দেখতে পান কলা ৭৬ কেজির স্থলে ৭৫ কেজি, পাঁচ কেজি পাউরুটির স্থলে তিন কেজি বিস্কুট এবং পাঁচ কেজি বাদামের স্থলে তিন কেজি ছোলা দেওয়া হয়েছে। তিনি তত্ক্ষণাৎ যশোরের ঠিকাদার আলমগীর হোসেনকে সাত হাজার টাকা জরিমানা করেন। ইউএনও জানান, বাদামের স্থলে যে ছোলা সরবরাহ করা হয়েছে, তা টিসিবির। ওই ছোলা জব্দ করা হবে।কেশবপুরের বন কর্মকর্তা সুধীর কুমার রায় জানান, কেশবপুরে বর্তমানে ৩৫০টি হনুমান রয়েছে। এদের জন্য প্রতিদিন যশোরের সামাজিক বন বিভাগ থেকে খাদ্য সরবরাহ করা হয়।