হনুমানের খাদ্য সরবরাহ বন্ধ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যশোরের কেশবপুরের হনুমানগুলোর জন্য সরকারি খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদে স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়। বন বিভাগের হিসাবমতে, কেশবপুরে তিন শতাধিক হনুমান রয়েছে। এগুলো উপজেলা সদর ছাড়াও বায়সা, ব্রহ্মকাঠি, রামচন্দ্রপুর, ভোগতী, মধ্যকুল এলাকায় বাস করে। এগুলোর জন্য ২০০৫ সাল থেকে সরকারিভাবে খাদ্য সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ সাড়ে ৫১ কেজি কলা, তিন কেজি পাউরুটি ও তিন কেজি বাদাম সরবরাহ করা হয়। বন মন্ত্রণালয়ের অধীনে বৃহত্তর যশোর জেলার জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই খাদ্য সরবরাহ করা হতো। সাত বছর মেয়াদি এই প্রকল্প ২০১২ সালের জুন মাসে শেষ হয়ে গেছে। এ কারণে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। রামচন্দ্রপুর গ্রামের সুশীল মজুমদার বলেন, ‘ছোটবেলায় দেখেছি গ্রামের গাছে গাছে হনুমানের বিচরণ ছিল, প্রচুর গাছও ছিল। ফল ও পাতা খেয়ে এরা বেঁচে থাকত। এখন গাছপালা কমে যাওয়ায় খাদ্যের আভাব রয়েছে। খাদ্য না পেলে এরা হিংস্র আচরণ করবে।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিম বলেন, খাদ্য সরবরাহ করা না হলে হনুমানগুলো পুষ্টিহীনতায় ভুগবে। এ প্রজাতি রক্ষার্থে খাদ্য সরবরাহ করতেই হবে। উপজেলা বনায়ন কেন্দ্রের ফরেস্টার ইউনুস আলী আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন প্রকল্প করা হয়েছে, ওই প্রকল্পের টাকা ছাড় হলে ফের খাদ্য সরবরাহ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, নতুন প্রকল্পের টাকা ছাড় না হওয়া পর্যন্ত জেলা প্রশাসককে লিখে তাঁর কাছ থেকে তিন টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এ দিয়ে আপাতত খাদ্য সরবরাহ করা হবে।প্রাচীনকাল থেকে কেশবপুরে লেঙ্গুর প্রজাতির হনুমান বসবাস করে আসছে। কালক্রমে বন উজাড় হয়ে যাওয়ায় এ প্রজাতি কমতে থাকে। বিশেষ করে প্রজনন-সহায়ক পরিবেশ না থাকায় এদের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে। খাদ্যের খোঁজে এদের বেশ কিছু দেশের বিভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হচ্ছে।