হনুমানের ভদ্রতা
কী মনে করে টুপ করে পরীক্ষার হলে ঢুকে পড়ে হনুমানটি। এক ছাত্রের সামনে থেকে কেড়ে নেয় তার খাতা। চোখের পলকে জানালা দিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হলভর্তি পরীক্ষার্থী ও শিক্ষকেরা অবাক। মিনিট কয়েক পর ফিরে আসে হনুমানটি। সবাইকে বিস্মিত করে ফিরিয়ে দিয়ে যায় খাতাটি। ঘটনাটি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজ কেন্দ্রের। ওই কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী আল মাসুদ জানান, চুকনগর কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলায় পরীক্ষা শুরুর কয়েক মুহূর্ত আগে ঘটনাটি ঘটে। হলের পাশেই ছিল একটি মেহগনি গাছ। হঠাৎ গাছ থেকে একটি হনুমান লাফিয়ে দোতলার হলে ঢুকে পড়ে। ঢুকেই এক ছাত্রের সামনে থেকে একটি খাতা ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যে হনুমানটি জানালা দিয়ে অদৃশ্য হয়ে যায়। ঘটনার ৮-১০ মিনিট পর হনুমানটি আবার ফিরে আসে এবং হলের বারান্দায় খাতাটি রেখে যায়।