হনুমানের মৃত্যুরোধে রাবারে মোড়ানো হচ্ছে বৈদ্যুতিক তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির হনুমান প্রায়ই খাবারের খোঁজে শহরে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়। হনুমানদের অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে উপজেলায় বৈদ্যুতিক তার রাবার দিয়ে মুড়িয়ে দেওয়ার (কভারিং) কাজ শুরু হয়েছে।
বৈদ্যুতিক তারে জড়িয়ে হনুমানের মৃত্যু নিয়ে প্রথম অলোয় কয়েকটি খবর প্রকাশিত হয়। সর্বশেষ গত ৮ আগস্ট বিশাল বাংলা পাতায় ‘বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু’ শিরোনামে খবর প্রকাশিত হয়। বিরল প্রজাতির এ প্রাণী রক্ষা কেশবপুরের সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্ধ্বতন মহলকে বিষয়টি জানান। এ পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে তার কভারিংয়ের কাজ শুরু হয়।
কেশবপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক কুমদ রঞ্জন কুণ্ডু বলেন, কেশবপুর আলিয়া মাদ্রাসা থেকে উপজেলা পরিষদের পেছনে পর্যন্ত বৈদ্যুতিক তার কভারিংয়ের কাজ শুরু হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে এ কাজ শুরু হয়ে এখন শেষের দিকে। ১ দশমিক ৩ কিলোমিটার কভারিংয়ের জন্য ব্যয় হচ্ছে ১ লাখ ৩৬ হাজার ৮৮৮ টাকা। পল্লী বিদ্যুতের নিজস্ব অর্থায়নে কাজটি করা হচ্ছে। এরই মধ্যে এক কিলোমিটারের মতো কাজ শেষ হয়েছে।
কেশবপুর বন বিভাগের ফরেস্টার হাবিবুজ্জামান বলেন, এ পর্যন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ২০টি হনুমান মারা গেছে। যে এলাকায় সবচেয়ে বেশি হনুমান বিচরণ করে, সেখানেই প্রথম কাজে হাত দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ বলেন, ‘আমাদের নিজস্ব তহবিল থেকে এ ধরনের কাজ করা সম্ভব নয়। ওপর মহল থেকে তহবিল এলে অন্যান্য এলাকার বৈদ্যুতিক তারেও কভারিংয়ের কাজ করা হবে।’