বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক ও সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধের ঘটনাও ঘটে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:হবিগঞ্জ: ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পরপরই জেলা বিএনপি গতকাল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রমকালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। বেলা একটার দিকে নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি, বাহুবলের মিরপুর, শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ ও মাধবপুরে অবস্থান নিয়ে সমাবেশ করেন। আউশকান্দিতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা ও সিলেটের মধ্যে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। তিনটার পর যানচলাচল স্বাভাবিক হয়।এদিকে বেলা দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা এক প্রতিবাদ সভা থেকে আজ সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা দেন। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।সুনামগঞ্জ: গতকাল সকালে জেলা শহর ও সব উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।জেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরাই শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। দুপুরে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জে অবরোধ সৃষ্টি করেন নেতা-কর্মীরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হলে যানচলাচল স্বাভাবিক হয়।একইভাবে সুনামগঞ্জ-দিরাই সড়কও প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফজলুল হক ছাড়াও আকবর আলী, আবুল মুনসুর, নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।বিকেলে জেলা বিএনপির অপর পক্ষও বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সুরমা মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. কলিমউদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, এ টি এম হেলাল, আ ত ম মিছবাহ প্রমুখ।মৌলভীবাজার: গতকাল দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেত্রী খালেদা রব্বানীর নেতৃত্বে দলের একাংশের নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলন করে আজকের হরতালের ঘোষণা দেন। ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াস আলীর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য না দেওয়া হলে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও পৌর মেয়র ফয়জুল করিম, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন, মিজানুর রহমান, মতিন বখশ, আবদুর রকিব, এম এ রশীদ।সংবাদ সম্মেলনের আগে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকায় এক সমাবেশে মিলিত হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। সমাবেশে বিএনপির নেতা ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদসহ অনেকে বক্তব্য দেন।