হবিগঞ্জ আ.লীগের সম্মেলন কাল
১০ বছর পর কাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিল (সম্মেলন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন পর এ কাউন্সিলকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সংগঠন সূত্রে জানা গেছে, ৭১ সদস্যের এই কমিটির সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মোট আটটি পদে নির্বাচন হবে।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে মুশফিক হোসেন সভাপতি ও মো. আবু জাহির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালে ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়।
হবিগঞ্জ পৌরসভা মাঠে কাল বেলা তিনটায় কাউন্সিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা সাতটায় স্থানীয় শাহ এ এম এস কিবরিয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এখানে আটটি উপজেলা, তিনটি পৌরসভাসহ মোট ১১টি ইউনিটের ২৮০ জন কাউন্সিলর ভোট দিয়ে তাঁদের নেতা নির্বাচন করবেন। কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মুশফিক হোসেন চৌধুরী ও সাংসদ (হবিগঞ্জ-৩) মো. আবু জাহির। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংসদ আবদুল মজিদ খান (হবিগঞ্জ-২), চৌধুরী আবু বকর সিদ্দিকী ও আলমগীর চৌধুরী।