হবিগঞ্জ ও তাড়াইলে সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একটি খেলার মাঠে গরু চরানো নিয়ে তর্কাতর্কির জেরে প্রতিবেশী দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তাঁর নাম মতি মিয়া (৫৩), বাড়ি উপজেলার শিমুলআটি গ্রামে। এ ছাড়া অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় গতকাল পৃথক ঘটনায় সংঘর্ষে লাল মিয়া (৩০) ও মনির (২৮) নামের দুই ব্যক্তি নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার রাহেলা গ্রামের শামছু মিয়া, রজব আলী, শের আলী, নবী হোসেন, মোহাম্মদ আলী ও হাবিবুর রহমান।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে তাড়াইল উপজেলার শামুকজানি গ্রামের এক ব্যক্তি একটি খেলার মাঠে গরু চরাতে গেলে শিমুলআটি গ্রামের এক ব্যক্তির সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এর জেরে দুই গ্রামের কয়েক শ মানুষ লাঠি ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হতাহতের ওই ঘটনা ঘটে। সংঘর্ষে শিমুলআটি গ্রামের মুসলিম, সুমন, রুমেলা, হামিদ, সুমন, মাহবুব, নূরেছা, বাবুল আরাধনসহ ৩৫ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে মুসলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুমেলাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে শামুকজানি গ্রামের রজব আলী, দুলাল, মোতাহার, আইনুল, সাইদুর, নজরুলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. রহমত উল্লাহ্ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাহেলা গ্রামের এলাছ মিয়া (৩০) নামের ওই ব্যক্তি পাওয়ার টিলার নিয়ে গ্রামের পাশের হাওরে যান। এ সময় টিলার চালাতে একই গ্রামের এক ব্যক্তি তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের জেরে দুজনের আত্মীয়স্বজনেরাও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাল মিয়াসহ অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহত ১৭ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে লাল মিয়ার অবস্থার অবনতি হলে তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। হবিগঞ্জে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গতকাল সন্ধ্যায় বলেন, মামলার প্রক্রিয়া চলছে।অন্যদিকে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা তিনটার দিকে দুধপাতিল গ্রামের মনির মিয়া (২৮) নামের এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশী এক চা-শ্রমিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই শ্রমিক কোদাল দিয়ে আঘাত করলে মনির ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম চৌধুরী জানান, মামলার প্রক্রিয়া চলছে।