হবিগঞ্জ ও নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর ও মাধবপুর উপজেলার বাঘাসাইল নামক স্থানে গতকাল শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিন শেরপুরের নকলা উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলা সদরের কুর্শা বাদাগৈড় এলাকায় গতকাল দুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পয়ত্রিশকাহন গ্রামের হামেদ আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) ও একই গ্রামের শুক্কুর আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৬)। নিহত দুজন গরু ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় আহত পিকআপচালক আতিক রহমানকে (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে কুর্শা বাদাগৈড় নামক স্থানে কিশোরগঞ্জ থেকে কুড়িগ্রামের রৌমারীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে শেরপুরের কর্ণঝোড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধানখেতে পড়ে। এতে পিকআপ ভ্যানের যাত্রী গরু ব্যবসায়ী বাবুল মিয়া ও বিল্লাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যানের চালক আতিক রহমানকে হাসপাতালে ভর্তি করান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় নির্মাণশ্রমিক হাবিবুর রহমান (৪৫) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হাবিবুর রহমানের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার দেউলিয়ার গ্রামে। তিনি শায়েস্তাগঞ্জের অলিপুরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এ ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে একই মহাসড়কের মাধবপুর উপজেলার বাঘাসাইল নামক স্থানে গতকাল ভোরে একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাবিবুর রহমানের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর লাশের পরিচয় না পাওয়ায় লাশটি থানায় রাখা হয়েছে।