হবিগঞ্জ ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় গতকাল বুধবার একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নেত্রকোনার কান্দুলিয়ায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে।
উমেদনগরে নিহত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার আলীগঞ্জ গ্রামের সামিয়া (১), একই উপজেলার দৌলতপুর গ্রামের রহিমা বেগম (৩৫), লাল মিয়া (৫০) ও আলীগঞ্জ গ্রামের করিম মিয়া (৪০)। তাঁরা সবাই টমটমের যাত্রী ছিলেন। এ সময় আরও তিনজন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। বাকিদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, তাঁরা ট্রাক্টরটি আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন।
নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়ায় গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী প্রাণেশ সরকার (৫০) নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার সিংহের বাংলা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যাত্রী রাতে নিজ বাড়ি থেকে অটোরিকশায় চড়ে নেত্রকোনা সদরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।