হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আরও নয়টি পৌরসভায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা বৈঠকে কমিশন এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট, দুই দফায় বিশ্ব ইজতেমা এবং একই দিন ১৪টি পৌরসভায় নির্বাচনের কারণে পুলিশ ও র্যাবের বেশির ভাগ সদস্য ব্যস্ত থাকবেন। তাই দুটি উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে ভোট হবে। আরও নয় পৌরসভায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত: ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নির্বাচন কমিশন নওগাঁ, মুন্সীগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইলের মধুপুর ও কুমিল্লার লাঙ্গলকোট পৌর নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাতে কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।