হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন ২৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুটি আসনেই আগামী ২৭ জানুয়ারি নির্বাচন হবে। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারি রোববার। মনোনয়নপত্র বাছাই হবে ৪ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ জানুয়ারি। হবিগঞ্জ-১ আসনে সিলেটের এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে কুমিল্লার উপনির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।আওয়ামী লীগের দলীয় সাংসদ দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে হবিগঞ্জ-১ এবং একই দলের লুৎফুল হাইয়ের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন শূন্য হয়। কমিশনের তথ্য অনুযায়ী হবিগঞ্জ-১ আসনের ভোটারের সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৯০৮ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৯ হাজার ৯৭৩ এবং পুরুষ এক লাখ ৩৫ হাজার ৯৩৫ জন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ভোটারের সংখ্যা তিন লাখ ১০ হাজার ২৩৮ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৬৩৮ জন এবং পুরুষ এক লাখ ৪৯ হাজার ৬০০ জন।তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি বলেন, উপনির্বাচনে বহিরাগত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নীরব পর্যবেক্ষক হিসেবে কমিশনের নিজস্ব লোকজনকে নিয়োগ দেওয়া হবে। এসব কর্মকর্তা মাঠ থেকে সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন। কারও অভিযোগ থাকলে মৌখিকভাবে নয়, সুনির্দিষ্ট ও লিখিতভাবে জানাতে হবে। নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য সিইসি প্রার্থীর এজেন্টদের ভোট গণনা শেষে ফল বিবরণীতে স্বাক্ষর করার আগ পর্যন্ত গণনা কক্ষে উপস্থিত থাকার অনুরোধ জানান।এবারের উপনির্বাচনে ভোলা-৩ আসনের মতো অপ্রীতিকর কিছু ঘটবে কি না, জানতে চাইলে শামসুল হুদা বলেন, খারাপ নির্বাচনের জন্য কমিশন এককভাবে দায়ী নয়। রাজনৈতিক দলগুলোরও দায়-দায়িত্ব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা দরকার।সিইসি আরও বলেন, জনগণের রায় মেনে নিলে সমস্যা থাকার কথা নয়। কিন্তু বিভিন্ন সময় জনগণের ইচ্ছাকে অসাংবিধানিক পন্থায় বিকৃত করা হয়েছে। সেই সুযোগে যখন-তখন সামরিক বাহিনী হাজির হয়। এতে গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হয়। দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে রাজনৈতিক দলগুলো থেকে সেনা মোতায়েনের দাবি আসত না।