হবিগঞ্জ ও রায়পুরে দুই হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক দুটি হত্যা মামলার ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
হবিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র কায়েছ আহমেদ ওরফে তৌকির হত্যা মামলার রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন গতকাল বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার হিরাজ মিয়ার ছেলে হেলাল উদ্দিন তুর্কি (১৮), নাতিরাবাদ আবাসিক এলাকার নানু মিয়ার ছেলে রনি (১৯), ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার ছেলে সাদ্দাম (১৮) ও একই এলাকার আবদুল গফুরের ছেলে নিয়াজ (১৫) এবং নাতিরাবাদ আবাসিক এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া (২০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, স্কুলছাত্র তৌকির হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা আবদুল বারিকের ছেলে। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর তৌকিরকে বাসা থেকে ডেকে নিয়ে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে তাঁর কয়েকজন সহপাঠীসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পরদিন তাঁর বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় নিহতের বড় ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম চৌধুরী গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুল আজিজ, মো. আলাউদ্দিন, রিয়াজ হোসেন, মো. ফয়সাল ও নূর আলম। তাঁদের মধ্যে আলাউদ্দিন ও নূরে আলম পলাতক। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।