হবিগঞ্জ ও সিলেটে দুই ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজারে গত শনিবার দিবাগত রাতে ডাকাতদের হাতে একজন স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন। হবিগঞ্জে নিষেধ করা সত্ত্বেও বাড়ির উঠান দিয়ে যাতায়াত করায় একজন মাছ ব্যবসায়ীকে খুন করা হয়েছে।চুনারুঘাট থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চুনারুঘাটের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শানখলা বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিজন কুমার দাস (২৩) প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকানে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ডাকাত দল তাঁর দরজা ভেঙে দোকানে প্রবেশ করে। বিজন টের পেলে ডাকাতদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। পরে চিৎকার করলে ডাকাতেরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে ছুরি, হাতুড়ি ও জুতা উদ্ধার করে।নিহত বিজনের বাবা জ্যোতি লাল দাস জানান, তাঁর ছেলে দোকানে যাওয়ার সময় বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা নেন। ডাকাতেরা ওই টাকা এবং বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে।চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, বিজন কুমার ডাকাতদের চিনে ফেলায় তাঁকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হয়েছে। হবিগঞ্জের এএসপি নিষ্কৃতি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সিলেট কোতোয়ালি থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির উঠান দিয়ে যাতায়াত করায় সিলেট সদর উপজেলার পীরপুর গ্রামের মুক্তার আহমদের ওপর ক্ষুব্ধ ছিলেন একই গ্রামের হবিবুর রহমান ও তাঁর স্বজনেরা। বিষয়টি নিয়ে এর আগেও সালিস বৈঠক হয়। কিন্তু হবিবুরসহ তাঁর আত্মীয়দের চলাচলের জন্য বিকল্প তেমন রাস্তা না থাকায় মুক্তার আহমদের বাড়ির উঠোন দিয়ে তাঁরা যাতায়াত করতেন। শনিবার রাত প্রায় ১২টার দিকে হবিবুর বাজার থেকে ওই উঠান দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মুক্তারের পক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। খবর পেয়ে হবিবুরের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।হবিবুরের স্ত্রী দিলারা বেগম জানান, হাসপাতালে নেওয়ার পথে তাঁর স্বামী কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পান। এ সময় তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন। এ অনুযায়ী গতকাল রোববার তিনি লিখিত এজাহার দিয়েছেন।এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে জানিয়ে সিলেট কোতোয়ালি থানার এসআই আবদুল আলিম প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে হবিবুরের মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।