হবিগঞ্জ ও সুনামগঞ্জে আঞ্চলিক সড়ক হবে
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেছেন, হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি এবং সুনামগঞ্জের রানীগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। এ সড়কটি নির্মাণ হলে ভাটি অঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ চালু হবে।
প্রতিমন্ত্রী গতকাল রোববার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের চৌধুরী ফাউন্ডেশনের অভিষেক ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানার গ্যাস সরবরাহের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পাশাপাশি নবীগঞ্জে বন্যানিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক এই সরকারের আমলেই নির্মাণ শুরু হবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ নেতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বাংলাদেশ রাবার-এর সাবেক পরিচালক ফারুকুর রশিদ চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ আবদুল মুনিম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ও সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান।